আক্বিদা

মৃত্যুপরবর্তী কারামত ও কারামত অস্বীকারকারীদের মনস্তত্ব

ইজহারুল ইসলাম রবি, 12 সেপ্টে., 2021
40

আমরা বিশ্বাস করি, ওলীদের থেকে মৃত্যুর পূর্বে যেমন কারামত প্রকাশিত হতে পারে, তাদের মৃত্যুর পরেও কারামত প্রকাশিত হতে পারে। এটিই আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা। মৃত্যুর পরে কারামত প্রকাশিত হবে না, বা হওয়া অসম্ভব, এজাতীয় ধ্যান-ধারণা রাখা কুরআন ও সুন্নাহের বড় একটি অংশ অস্বীকারের নামান্তর। একইভাবে নবীদের থেকে তাদের জীবদ্দশায় যেমন মু’জিযা প্রকাশিত হতে পারে, তাদের ইন্তেকালের পরেও প্রকাশিত হতে পারে।

কারণ কারামত একমাত্র আল্লাহর ক্ষমতা ও ইচ্ছায় সংঘঠিত হয়। এতে বান্দার ক্ষমতা ও ইচ্ছার কোন প্রভাব নেই। আল্লাহ কখন কার মাধ্যমে কোন কারামতের প্রকাশ ঘটাবেন তিনিই ভালো জানেন। এক্ষেত্রে বান্দা শুধুমাত্র উপলক্ষ। সুতরাং মৃত্যুর পূর্বেও যেমন আল্লাহর ক্ষমতা ও ইচ্ছায় কারামত প্রকাশিত হয়, তেমনি মৃত্যুর পরেও আল্লাহর ইচ্ছা ও ক্ষমতায় কারামত প্রকাশিত হতে পারে।

মূল আলোচনা শুরুর আগে একটি অভিযোগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা জরুরি মনে করছি। প্রশ্নটি হল, অনেক ভন্ড লোকও তো কারামতের দাবী করে? সত্য ও ভন্ডদের কারামতের মাঝে পার্থক্য কীভাবে করব?

উত্তর: অস্বাভাবিক ঘটনা যে কারও হাতেই ঘটতে পারে। এমনকি দাজ্জালের হাতেও অনেক অস্বাভাবিক ঘটনা ঘটবে। সে মৃতকে জীবিত করবে। একইভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান এদের হাতেও অস্বাভাবিক ঘটনা ঘটতে পারে। অনেকেই জীন বশীভূত করে এধরনের ঘটনা ঘটিয়ে থাকে। অনেক ভন্ড যেমন, দেওয়ানবাগী, সুরেশ্বরী, আটরশি, চন্দ্রপাড়া, মাইজভান্ডারীরা অনেক করামাতের দাবী করে। কোনটি কারামত আর কোন ভেল্কিবাজী ও শয়তানের কর্মকান্ড, সেটা বোঝার মানদন্ড হল, যে ব্যক্তি থেকে কারামত প্রকাশিত হচ্ছে, সে কুরআন-সুন্নাহের অনুসারী কি না?  সে যদি শরীয়তের পরিপূর্ণ অনুসারী হয়,তাহলে তার নিকট থেকে প্রকাশিত কারামতকে কারামত গণ্য করা হবে।

এ বিষয়ে ইমাম ইবনে হাজার আসকালানী রহ. বলেন,

” خرق العادة قد يقع للزنديق بطريق الإملاء والإغواء ، كما يقع للصديق بطريق الكرامة والإكرام ، وإنما تحصل التفرقة بينهما باتباع الكتاب والسنة “

অর্থ: কখনও যিন্দিক বা ধর্মদ্রোহীদের থেকে ভেল্কিবাজীর মাধ্যমে বিভন্ন অপ্রাকৃতিক বিষয় প্রকাশিত হতে পারে। একইভাবে সত্যবাদী বুজুর্গদের থেকে কারামত প্রকাশিত হয়। তবে উভয়ের মাঝে পার্থক্য করা হয় কুরআন ও সুন্নাহের অনুসরণ দ্বারা। (অর্থাৎ কুরআন ও সুন্নাহের অনুসারী হলে, সেটি কারামত, নতুবা সেটি পরিত্যাজ্য)

[ফাতহুল বারী, খ.১২, ৩৮৫]

ইবনে তাইমিয়া রহ. বলেন,

” تجد كثيرا من هؤلاء عمدتهم في اعتقاد كونه وليا لله : أنه قد صدر عنه مكاشفة في بعض الأمور ، أو بعض التصرفات الخارقة للعادة ، مثل أن يشير إلى شخص فيموت ؛ أو يطير في الهواء إلى مكة ، أو غيرها ، أو يمشي على الماء أحيانا ؛ أو يملأ إبريقا من الهواء ؛ أو ينفق بعض الأوقات من الغيب ، أو أن يختفي أحيانا عن أعين الناس ؛ أو أن بعض الناس استغاث به وهو غائب أو ميت فرآه قد جاءه فقضى حاجته ؛ أو يخبر الناس بما سرق لهم ؛ أو بحال غائب لهم ، أو مريض ، أو نحو ذلك من الأمور .

وليس في شيء من هذه الأمور ما يدل على أن صاحبها ولي لله . بل قد اتفق أولياء الله على أن الرجل لو طار في الهواء ، أو مشى على الماء ، لم يغتر به حتى ينظر متابعته لرسول الله صلى الله عليه وسلم ، وموافقته لأمره ونهيه .

وكرامات أولياء الله تعالى أعظم من هذه الأمور ؛ وهذه الأمور الخارقة للعادة – وإن كان قد يكون صاحبها وليا لله – فقد يكون عدوا لله ؛ فإن هذه الخوارق تكون لكثير من الكفار والمشركين وأهل الكتاب والمنافقين ، وتكون لأهل البدع ، وتكون من الشياطين .

فلا يجوز أن يظن أن كل من كان له شيء من هذه الأمور أنه ولي لله ؛ بل يعتبر أولياء الله بصفاتهم وأفعالهم وأحوالهم التي دل عليها الكتاب والسنة ، ويعرفون بنور الإيمان والقرآن ، وبحقائق الإيمان الباطنة ، وشرائع الإسلام الظاهرة ” .

অর্থ: অনেককে দেখতে পাবে, তাদের নিকট কেউ ওলী বা বুজুর্গ হওয়ার মানদন্ড হল, তাদের কাছ থেকে কিছু কাশফ প্রকাশিত হওয়া। অস্বাভাবিক ও অপ্রাকৃতিক ঘটনা সংঘঠিত হওয়া। যেমন, কারও দিকে ইঙ্গিত করলে সাথে সাথে মৃত্যুবরণ করা।  অথবা বাতাসে উড়ে মক্কায় বা অন্য কোথাও যাওয়া । অথবা কখনও পানির উপর হাটা। বাতাস থেকে পাত্র পানি দ্বারা পূর্ণ করা। অদৃশ্য থেকে টাকা-পয়সা এনে খরচ করা।  অথবা হঠাৎ মানুষের চোখ থেকে অদৃশ্য হওয়া। অথাব তার অনুপস্থিতে কিংবা তার মৃত্যুর পরে তাকে কেউ ডাক দিলে উপস্থিত হওয়া এবং ঐ ব্যক্তির প্রয়োজন পুরণ করা।  মানুষের চুরি হয়ে যাওয়া জিনিসের সংবাদ বলে দেয়া। অদৃশ্য কোন বিষয়ের বর্ণনা দেয়া। অসুস্থ কারও সম্পর্কে সংবাদ দেয়া। ইত্যাদি।

এগুলোর কোনটি সংগঠিত হওয়া কখনও এটা প্রমাণ করে না যে, এ ব্যক্তি আল্লাহর ওলী।  বরং সমস্ত ওলী-বুজুর্গ এ বিষয়ে একমত যে, কেউ যদি বাতাসে উড়ে, পানির উপর চলে তাহলে দেখতে হবে, সে রাসূল স. এর  প্রকৃত অনুসারী কি না? শরীয়তের প্রকাশ্য বিধি-বিধান সে অনুসরণ করছে কি না? যদি এগুলো না থাকে তাহলে তার মাধ্যমে ধোকায় পড়া যাবে না। ওলীদের কারামত এসব বিষয় থেকে অনেক বড়।  এধরনের অস্বাভাবিক বিষয় যার থেকে প্রকাশিত হয়, সে কখনও আল্লাহর ওলী হতে পারে, আবার আল্লাহর শত্রুও হতে পারে।  কেননা এধরনে বিষয় অনেক কাফের, মুশরিক, আহলে কিতাব ও মুনাফিক থেকে প্রকাশিত হয়ে থাকে। অনেক বিদয়াতী থেকে এগুলো প্রকাশিত হয়। কখনও এগুলো শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে।

সুতরাং এই ধারণা করা সমীচিন নয় যে, এধরনের কোন ঘটনা কারও থেকে প্রকাশিত হলেই সে আল্লাহর ওলী। বরং কোন ব্যক্তিকে তার গুণাবলী, কুরআন-সুন্নাহের অনুসরণের দ্বারা আল্লাহর ওলী গণ্য করা হবে। ইমানের নূর ও কুরআনের নূর দ্বারা তাদেরকে চেনা সম্ভব। এবং বাতেনী ইমানের হাকিকত দ্বারা তাদের বাস্তবতা অনুধাবন করা হয়। সেই সাথে প্রকাশ্য শরীয়তের বিধি-বিধান ওলী হওয়ার অপরিহার্য অংশ।

[মাজমুয়াতুল ফাতাওয়া, খ.১১, পৃ.২১৩]

ইবনে তাইমিয়া রহ. এর দীর্ঘ এ বক্তব্যটি দু’টি উদ্দেশ্য এখানে উল্লেখ করেছি।

 প্রথমত: ভন্ডদের কারামতের দাবীর বাস্তবতা অনুধাবন। আমাদের দেশের যেসব বিদয়াতীরা কারামতের দাবী করে, তাদের সকলেই প্রকাশ্য শরীয়ত বিরোধী হারাম ও গর্হিত কাজে লিপ্ত । সুতরাং এদের থেকে বাস্তবে কোন অস্বাভাবিক কাজ প্রকাশিত হলেও এরা ভন্ড। কখনও এরা বুজুর্গ নয়। এদের থেকে প্রকাশিত অস্বাভাবিক বিষয় কখনও কারামতের মর্যাদা পাবে না।

দ্বিতীয়ত: ইবনে তাইমিয়া রহ. কিছু অস্বাভাবিক ঘটনার উদাহরণ দিয়েছেন, যেগুলো অপ্রাকৃতিক ঘটনা হিসেবে ঘটতে পারে। তিনি স্পষ্টভাষায় বলেছেন, ওলীদের কারামত এসব উদাহরণ থেকেও অনেক বড়। ইবনে তাইমিয়া রহ. যেসব উদাহরণ দিয়েছেন, এর মাঝে আমাদের আলোচ্য বিষয়ের সাথে সংশ্লিষ্ট একটি উদাহরণ রয়েছে। সেটি হল, কোন মৃত ব্যক্তি উপস্থিত হওয়া। একজন মৃতব্যক্তি কারও সামনে উপস্থিত হওয়াটা সম্ভব। এটি কারামত হিসেবে যে কোন ওলীর ক্ষেত্রে ঘটতে পারে। এধরনের কারামত প্রকাশিত হওয়া শরীয়তে অসম্ভব নয়। বরং এর চেযে বড় কারামত সংঘঠিত হতে পারে। ইবনে তাইমিয়া রহ. এর বক্তব্য থেকে বিষয়টি সুস্পষ্ট।

আমরা বেশ কয়েক পর্বে মৃত্যুপরবর্তী কারামতসমূহ বিশুদ্ধ উৎস থেকে আলোচনা করব। সালাফে-সালেহীন ও মুহাদ্দিসগণের কিতাব থেকে বিভিন্ন ঘটনা উদ্ধৃত করবো। বিশেষভাবে ইবনে কাসীর রহ. এর আল-বিদায়া ওয়ান নিহায়া থেকে, ইবনুল কাইয়্যিম রহ. এর কিতাব থেকে, ইবনে তাইমিয়া রহ. , বিখ্যাত মুহাদ্দিস ইবনে আবিদ দুনিয়া রহ. এর কিতাব থেকে এগুলো উল্লেখ করবো।

এধরণের ঘটনা তাদের কিতাবে উল্লেখ করার অর্থই হল, তারা এটাকে কোনভাবেই শরীয়ত বিরোধী মনে করেন না। এগুলো ঘটা সম্ভব এবং আহলে সুন্নতের আকিদার অনুগামী, এজন্যই তারা এগুলো উল্লেখ করেছেন। এগুলো কুফুরী-শিরকী হওয়া তো অকল্পনীয়। সুতরাং এগুলো যদি শরীয়ত বিরোধী বা কুফুরী-শিরকী হতো, তাহলে তারা কখনও স্বেচ্ছায় এধরনের কুফুরী-শিরকী কাজে লিপ্ত হতেন না। বিশেষভাবে যুগ যুগ ধরে বিখ্যাত ইমামগণ একের পর এক এগুলো কখনও তাদের কিতাবে বর্ণনা করতেন না। সুতরাং এসব ঘটনা যদি, কুফুরী-শিরকী হয়, তাহলে যারা এগুলো উল্লেখ করেছেন, তাদের উপর যেমন কুফুরী-শিরকের অপবাদ দেয়া হয়, তেমনি পরবর্তী যেসব আলেম এসব থেকে বিভিন্ন ঘটনা উদ্ধৃত করেছেন, তারা কুফুরী-শিরকীতে লিপ্ত হয়েছেন। অথচ এটি একটি অকল্পনীয় বিষয়।

উদাহরণ হিসেবে বলা যায়, বিখ্যাত মুহাদ্দিস ইবনে আবিদ দুনিয়া রহ.  ( ২০৮-২৮১ হি:)  একটি বিখ্যাত কিতাব লিখেছেন। কিতাবের নাম, মান আশা বা’দাল মাউত (মৃত্যুর পরে যারা জীবিত হয়েছেন)। এই কিতাবটি একজন বিখ্যাত সালাফের। যিনি মুহাদ্দিস হিসেবে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য।পরবর্তীতে ইমাম বাইহাকী, ইবনে কাসীর, জালালুদ্দীন সূযূতী, ইবনে রজব হাম্বলীসহ অসংখ্য মুহাদ্দিস ও আলেম তার কিতাব থেকে বিভিন্ন ঘটনা উদ্ধৃত করেছেন। সুতরাং মৃত্যুপরবর্তী কারামতে বিশ্বাস স্থাপন যেমন সালাফের মানহাজ, তেমন পরবর্তী আহলে সুন্নত ওয়াল জামাতের অন্যতম একটি বৈশিষ্ট্য।

আমাদের দেশে আহলে সুন্নত ওয়াল জামাত বহির্ভূত একদল বস্তুবাদীদের আবির্ভাব হয়েছে, যারা কুরআন-হাদীস অনুসরণের ছদ্মবেশে কারামতকে কুফুরী-শিরকী হওয়ার মতো জঘন্য বিষয় সমাজে প্রচার করছে। এরা নিজেদেরকে আহলে হাদীস ও সালাফী হিসেবে পরিচয় দিয়ে থাকে। কারামত অস্বীকারকারী এই বস্তুবাদী দলটি বিভিন্ন সময়ে তাদের খোলস পরিবর্তন করেছে।  কারামত বিষয়ে বর্তমানের সালাফী ও আহলে হাদীস ভাইয়েরা  তাদের অসুরর্ণীয় আলেমদের থেকেও নিজেদেরকে মুক্ত ঘোষণা করেছে। এরা নিজেদেরকে ইবনে তাইমিয়া রহ. ও ইবনুল কাইয়্যিম রহ. ও মুহাম্মাদ ইবনে আব্দুল ওহাব নজদীর অনুসারী হিসেবে প্রকাশ করে থাকে। অথচ কারামত বিষয়ে এদের থেকে মুক্ত হয়ে অনেক ক্ষেত্রে এসব শায়খদেরকেও কুফুরী-শিরকের অপবাদ দিচ্ছে। বস্তুপূজারী এই ভয়ংকর ফেতনাটি এতটা মারাত্মক আকার ধারণ করেছে, আফগান মুজাহিদদের বিশ্বস্ত কারামতকেও এরা হাশি-তামাশার বস্তু বানিয়েছে। এদের এই অবস্থানটি বস্তুবাদ ও নাস্তিকতার পূর্বলক্ষণ। কেননা, যেসব ঘটনাকে তারা কুফুরী-শিরকী আখ্যা দিচ্ছে, হুবহু একই ধরনের ঘটনা কুরআন ও হাদীসে রয়েছে। সুতরাং এসব ঘটনাকে কুফুরী শিরকী বলার অর্থ কুরআন ও হাদীসকে পরোক্ষভাবে কুফুরী শিরকী বলা। যেটা পরোক্ষ নাস্তিকতার একটি অংশ। উদাহরণ হিসেবে বলা যায়, ইবনে আবিদ দুনিয়া  রহ. একটি কারামত উল্লেখ করেছেন। এক ব্যক্তির গাধা মৃত্যুবরণ করলে সে আল্লাহর কাছে দুয়া করার পর সেটি আল্লাহ তায়ালা জীবিত করে দেন।  এখন আমাদের এই আহলে হাদীস ভাইদের নিকট এটি কুফুরী। এটি যদি কুফুরী হয়, তাহলে পবিত্র কুরআনে হযরত উযাইর রা. এর গাধা জীবিত হওয়ার ঘটনা কুফুরী নয় কেন? উভয়ের মাঝে পার্থক্যটা কী?

এধরনের বিভিন্ন বিষয় কারামত অস্বীকারকারীদের মনস্তত্ব শিরোনামে পূর্বে আলোচনা করেছি। নব্য এই ফেতনা মোকাবেলার জন্য সেগুলো পড়ার অনুরোধ করছি। এই সিরিজে ইনশাআল্লাহ মৃত্যুপরবর্তী কারামত সম্পর্কে বিস্তারিত ঘটনা উল্লেখ করব। দ্বিতীয় পর্ব এসব বিষয়ে বিভিন্ন ঘটনা ও অস্বীকারকারীদের মনস্তত্ব তুলে ধরবো। ইনশা আল্লাহ।

কারামত অস্বীকারকারীদের মনস্তত্ব হল, যাদের মৃত্যু হয়েছে, তাদের পক্ষ থেকে কারামত সংগঠিত হওয়া সম্ভব নয। তাদের মতে মৃত্যুপরবর্তী কারামতে বিশ্বাস কুফুরী। উদাহরণ হিসেবে বলা যায়, একজন মৃত্যুবরণ করেছেন। তার কবর থেকে সালামের উত্তর শোনা সম্ভব নয়। এটা ভ্রান্ত ও কুফুরী। তাকে কবরের মাঝে সরাসরি দেখতে পাওয়া অথবা কবর থেকে তার হাতবের হতে পারে, এধরনের বিশ্বাস রাখা শিরক। কারামত অস্বীকারকারীরা এগুলোকে কুফুরী ও শিরকী আকিদা বলে থাকেন। বিশেষভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে দুনিয়াতে যে কোন ধরনের ঘটনা প্রকাশিত হওয়া তাদের নিকট কুফুরী ও শিরক। এটা হল, তাদের মৌলিক বিশ্বাস।  

হায়াতুন্নবী বাহাসে কারামত অস্বীকারকারী মুরাদ বিন আমজাদ ও তার সঙ্গীরা এধরনের কারামতকে কুফুরী শিরকী আখ্যা দেয়ার চেষ্টা করেছে। তাদের মতে এগুলো ভ্রান্ত আকিদ। এগুলো ছাটাই করার  মিশনে নেমেছেন তথাকথিত আহলে হাদীস ও সালাফীরা । আল্লাহ এসব কারামত অস্বীকারকারীদের ফেতনা থেকে উম্মাহকে হেফাজত করু।

আমরা আহলে সুন্নত ওয়াল জামাত বিশ্বাস করি, আল্লাহ তায়ালার ইচ্ছা ও ক্ষমতায় কারামত সংঘঠিত হয়। সুতরাং কেউ মৃত্যুবরণ করলে আল্লাহ তায়ালা তার রুহ, দেহ বা প্রতিচ্ছবির মাধ্যমে যে কোন কারামত প্রকাশ করতে সক্ষম। এধরনের কোন মৃত ব্যক্তি থেকে দুনিয়াতে কোন কারামত প্রকাশিত হলে এটি সম্পূর্ণ শরীযতসম্মত। বিকৃত মস্তিষ্কের কারামত অস্বীকারকারীই কেবল এধরনের কারামতকে অস্বীকার করতে পারে। নতুবা কুরআন-হাদীস ও সালাফ থেকে এধরনের অসংখ্য ঘটনা বর্ণিত আছে।

উদাহরণ হিসেবে নিজের ঘটনাগুলো লক্ষ্য করুন।

১. হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রা. থেকে বর্ণিত, রাসূল স. বলেন,

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ ، حَدَّثَنَا وَكِيعٌ ، وَعَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ , عَنِ الرَّبِيعِ بْنِ سَعْدٍ الْجُعْفِيِّ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَابِطٍ ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ، قَالَ : قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” حَدِّثُوا عَنْ بَنِي إِسْرَائِيلَ ، فَإِنَّهُ كَانَتْ فِيهِمُ الأَعَاجِيبُ ، ثُمَّ أَنْشَأَ يُحَدِّثُ ، قَالَ : خَرَجَتْ رُفْقَةٌ مَرَّةً يَسِيرُونَ فِي الأَرْضِ فَمَرُّوا بِمَقْبَرَةٍ ، فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ : لَوْ صَلَّيْنَا رَكْعَتَيْنِ ثُمَّ دَعَوْنَا اللَّهَ لَعَلَّهُ يُخْرِجُ لَنَا بَعْضَ أَهْلِ هَذِهِ الْمَقْبَرَةِ فَيُخْبِرُنَا عَنِ الْمَوْتِ ، قَالَ : فَصَلُّوا رَكْعَتَيْنِ ثُمَّ دَعَوْا ، فَإِذَا هُمْ بِرَجُلٍ خِلاسِيٍّ قَدْ خَرَجَ مِنْ قَبْرٍ يَنْفُضُ رَأْسَهُ ، بَيْنَ عَيْنَيْهِ أَثَرُ السُّجُودِ ، فَقَالَ : يَا هَؤُلاءِ مَا أَرَدْتُمْ إِلَى هَذَا ؟ لَقَدْ مِتُّ مُنْذُ مِائَةِ سَنَةٍ فَمَا سَكَنَتْ عَنِّي حَرَارَةُ الْمَوْتِ إِلَى السَّاعَةِ ، فَادْعُوا اللَّهَ أَنْ يُعِيدَنِي كَمَا كُنْتُ ” .

“তোমরা বনী ইসরাইলদের ঘটনা বর্ণনা করো। কেননা তাদের মাঝে অনেক আশ্চর্যজনক ঘটনা সংগঠিত হয়েছে। এরপর রাসূল স. একটি ঘটনা বর্ণনা করলেন,

একদা বনী ইসরাইলের কয়েকজন বন্ধু ভ্রমণে বের হল।  তারা একটি কবরস্থান দিয়ে অতিক্রম করছিল । তারা একে -অপরকে বলল, “আমর যদি, দু’রাকাত নামায আদায় করে আল্লাহর কাছে দুয়া করি, তাহলে আল্লাহ তায়ালা হয়তো কবরের কোন ব্যক্তিকে আমাদের সামনে উপস্থিত করবেন। সে মৃত্যু সম্পর্কে আমাদেরকে বলবে।

তারা দু’রাকাত নামায আদায় করল। এরপর আল্লাহর কাছে দুয়া করল। হঠাৎ এক ব্যক্তি মাথা থেকে মাটি পরিষ্কার করতে করতে কবর থেকে বের হয়ে এল। তার কপালে সিজদার চিহ্ন ছিল।  সে বলল, তোমরা কী চাও? আমি একশ বছর পূর্বে মৃত্যুবরণ করেছি। এখনও আমার দেহ থেকে মৃত্যুর যন্ত্রনা উপশমিত হয়নি।  আল্লাহর কাছে দুয়া করো, যেন তিনি আমাকে পূর্বের স্থানে (কবরে) ফেরত পাঠিয়ে দেন”

যেসব বিখ্যাত মুহাদ্দিস হাদীসটি তাদের কিতাবে উল্লেখ করেছেন,

১.  ইবনে আবিদ দুনিয়া রহ., মান আশা বা’দাল মাউত। হাদীস নং ৫৮

২. মুসনাদে আব্দ ইবনে হুমাইদ, হাদীস নং ১১৬৪

৩.ফাওয়াইদু তামাম আর-রাজী, হাদীস নং ২১৭

৪. আল-জামে লি আখলাকির রাবী, খতীব বাগদাদী, হাদীস নং ১৩৭৮

৫. আল-বা’স, ইবনে আবি দাউদ, হা.৫

৬.আজ-জুহদ, ইমাম ওকী ইবনুল জাররাহ, হাদীস নং৮৮

৭. আজ-জুহদ, ইমাম আহমাদ ইবনে হাম্বল রহ.

৮. মাজালিস মিন আমালি ইবনে মান্দাহ, ইবনে মান্দাহ, হাদীস নং ৩৯৩

৯. আল-মাতালিবুল আলিয়া, ইবনে হাজার আসকালানী রহ. হাদীস নং ৮০৭

১০. ফুনুনুল আজাইব, হা.১৯

১১. শরহুস সুদুর, জালালুদ্দীন সুয়ূতী রহ. পৃ.৪২-৪৩

ঘটনাটি বিশুদ্ধ সনদে বর্ণিত। তামাম আর-রাজী এটি সরাসরি রাসূল স. থেকে বর্ণনা করেছেন। ইবনে হাজার আসকালানী রহ. হযরত জাবির রা. থেকে মওকুফ সূত্রে বর্ণনা করেছেন, যেটি মরফু এর হুকুমে। সুতরাং ঘটনার প্রামাণ্যতার ব্যাপারে কোন সন্দেহ নেই।  

কারামত অস্বীকারকারী ভাইদের কাছে, আমাদের প্রশ্ন,

১. রাসূল স. এধরনের ঘটনা বর্ণনা করে উম্মতকে কুফুরী শিক্ষা দিয়েছেন?

২. মুহাদ্দিসগণ ঘটনাটি তাদের কিতাবে উল্লেখ করে কুফুরী প্রচার করেছেন?

৩. বিখ্যাত ইমামগণ এই ঘটনার মূল বিষয় তথা কবর থেকে কেউ বের হয়ে কথা বলার উপর কোন আপত্তি করেননি। এটি অসম্ভব কিংবা এটি কুফুরী-শিরকী বলা তো দূরের বিষয়। সুতরাং নতুনভাবে এটাকে কুফুরী -শিরকী বলে সেসব ইমামদেরকে কেন অভিযুক্ত করছেন?

৪. ঘটনাটি যদি কুফুরী-শিরকী হয়, তাহলে যেসব মুহাদ্দিস এই ঘটনা তাদের কিতাবে উল্লেখ করেছেন, এবং এর উপর কোন অভিযোগ করেননি, তারা সকলেই কি কুফুরী-শিরকী করেছেন?

৫. মূল ঘটনা যদি কুফুরী-শিরকী হয়, তাহলে এর সনদ দেখার কোন প্রয়োজন নেই। কেননা, কুফুরী বিষয় বিশুদ্ধ সূত্রে বর্ণিত হলেও কুফুরী, দুর্বল সনদে রর্ণিত হলেও কুফুরী। সুতরাং মূল ঘটনা যদি কুফুরী-শিরকী হয়, তাহলে উপর্যুক্ত ইমাম ও মুহাদ্দিসগণ সম্পর্কে আপনাদের ফতোয়া জানতে চাই।

মৃত্যুর পর কথোপকথন

ইমাম বাইহাকী রহ. হযরত সাইদ ইবনুল মুসাইয়্যাব থেকে  বর্ণনা করেন, তিনি বলেন, হযরত উসমান রা. এর সময় যায়েদ ইবনে খারিজা আল-আনসারী রা. ইন্তেকাল  করেন। তাকে কাপড় দিয়ে ঢেকে দেয়া হয়। পরবর্তীতে তিনি কথা বলে উঠেন। এবং বলেন, রাসূল স. এর কথা পূর্ববতী আসমানী কিতাবে রয়েছে। আবু বকর সত্য বলেছেন। উমর সত্য বলেছেন। উসমান সত্য বলেছেন।

ঘটনার সনদ বা সূত্র বিশুদ্ধ। দেখুন,

১. আল-বিদায়া ওয়ান নিহায়া,  ইবনে কাসীর রহ. খ.৬, পৃ.২৯৩

২.দালাইলুন নুবুওয়াহ, ইমাম বাইহাকী রহ.। হাদীস নং ২৩০৫

৩.আল-ইস্তেয়াব, ইবনে আব্দুল বার রহ. বর্ণনা নং ৮৪৪ ।

৪. ত্ববরানী ফিল কাবীর, বর্ণনা নং ৫১৪৪

৬.তাহজীবুল কামাল।

৭. আস-সিকাত, ইবনে হিব্বান রহ.।

৮. ইমাম আবু হাতিম, মাশাহিরু উলামায়িল আমসার।

এছাড়াও বহুগ্রন্থে এটি উল্লেখ করা হয়েছে। এই ঘটনার সনদ সহীহ।  কারামত অস্বীকারকারীদের মতে এটি অসম্ভব। কারামত অস্বীকারকারীরা ফাজায়েলে আমলের এজাতীয় দু’একটি ঘটনা উল্লেখ করে সাধারণ মানুষকে বিভ্রান্ত  করার চেষ্টা করেছে। এধরনের ঘটনার কারণে তারা সমাজে জঘন্য অপপ্রচার চালিয়েছে, ফাজায়েলে আমলে কুফুরী-শিরকী বিষয় রয়েছে। নাউযুবিল্লাহ। নিজেদের বস্তুবাদী বিকৃত মানসিকতার পরিচয় দিয়ে তারা সাধারণ মানুষকে কারামতে অবিশ্বাসী হওয়ার দাওয়াত দিচ্ছে। অথচ পবিত্র কুরআনের সুরা বাকারাতে মৃত্যুর পরে কথোপকথনের স্পষ্ট ঘটনা রয়েছে। কারামত হিসেবে মৃত্যুর পর কথা বলাতে বিশ্বাস করা যদি কুফুরী-শিরকী হয়, তাহলে তাদের দাবী অনুযায়ী পবিত্র কুরআনে কুফুরী-শিরকী বিষয় রয়েছে। নাউযুবিল্লাহ। একই বিষয় ফাজায়েলে আমলে থাকলে যদি শিরক হয়, তাহলে কুরআনে থাকলে শিরক নয় কেন?

কারামত অস্বীকারকারীরা কি বলতে চায়, কুরআন মানুষকে শিরক শিখিয়েছে? নাউযুবিল্লাহ। তাদের আরেকটি যুক্তি হল, ঘটনার সত্যতা কি? ঘটনা সত্য বা মিথ্যা হওয়ার সাথে কুফুরী শিরকীর কী সম্পর্ক? বিশুদ্ধ সনদে কুফুরী-শিরকী বর্ণনা করা সঠিক আর দুর্বল সনদে কুফুরী শিরকী বর্ণনা অন্যায়? তাদের দাবী কি এটাই? তারা বলে, কুরআন-হাদীসে থাকলে ঠিক আছে। কিন্তু একই জিনিস ফাজায়েলে আমলে থাকলে শিরক। এরা আসলে পরোক্ষভাবে কুরআন ও হাদীসে কারামত থাকার কারণে কুরআন-হাদীসকে কুফুরী-শিরকের উৎস বলতে চায়। কিন্তু সাধারণ মানুষের ভয়ে সেটা প্রকাশ করতে পারে না। নতুবা হুবহু একই বিষয়কে কুফুরী-শিরকের বলার তাৎপর্যটা কী?

ইবনে আব্দুল বার রহ. উক্ত ঘটনা বর্ণনা করার লিখেছেন,

وهو الذي تكلم بعد الموت لا يختلفون في ذلك

যায়েদ ইবনে খারিজা রা. যিনি মৃত্যুর পর কথা বলেছেন। এ ব্যাপারে মুহাদ্দিসগণ মতবিরোধ করেননি।

ঘটনা-২:

ইমাম বাইহাকী রহ. দালাইলুন নুবুওয়াহতে বর্ণনা করেছেন, হযরত রিবয়ী ইবনে খিরাশ বলেন,

“আমার এক ভাই মৃত্যুবরণ করল।  সে আমাদের মাঝে সবচেয়ে দীর্ঘ নামায আদায় করতো। ঘরমের দিনে সবচেয়ে বেশি রোজা রাখতো।  আমরা তাকে কাপড় আবৃত করলাম। সকলে তার পাশে বসে ছিলাম। হঠাৎ সে চেহারার কাপড় সরিয়ে দিয়ে বলল, আস-সালামু আলাইকুম।  আমি বললাম, সুবহানাল্লাহ, মৃত্যুর পরেও? সে বলল, আমি আমার প্রভূর সাথে সাক্ষাৎ করেছি। দয়াময় প্রভূ আমাকে জান্নাত দান করেছেন। তিনি আমার প্রতি রাগান্নিত নন। তিনি আমাকে মণি-মুক্তা খচিত কাপড় পরিধান করিয়েছেন। তোমরা খুব দ্রুত আমাকে রাসূল স. এর কাছে পৌছে দেও। কেননা তিনি আল্লাহর শপথ করেছেন, আমি তার কাছে  না পৌছা পর্যন্ত তিনি স্থান ত্যাগ করবেন  না। “

ঘটনাটি বিশুদ্ধ সূত্রে রর্ণিত। ঘটনাটি যেসব বিখ্যাতু মুহাদ্দিস উল্লেখ করেছেন,

১. ইমাম বাইহাকী, দালাইলুন নুবওয়াহ, খ.৬, পৃ.৪৫৪

২.ইবনে সায়াদ, আত-ত্ববাকাত, খ.৬, পৃ.১৬০।

৩.আল-ইস্তেয়াব, ইবনে আব্দিল বার, যায়েদ ইবনে খারিজা এর জীবনী।

৪.ইবনে আবিদ দুনিয়া, মান আশা বা’দাল মাউত, বর্ণনা নং ৯ ।

৫. ইবনে হিব্বান, আস-সিকাত, খ.৪, পৃ.৩২৬

উক্ত ঘটনাটি খুবই আশ্চর্যজনক। এধরনের কোন ঘটনা ফাজায়েলে আমল কিংবা দেওবন্দী কোন আলেমের কিতাবে থাকলে এটা অবশ্যই শিরক হতো। এবং এটা নিয়ে যারপর নাই হাশি-তামাশা করতো কারামত অস্বীকারকারী সালাফী ও আহলে হাদীস। আহলে সুন্নত বহির্ভূত বিকৃত মানসিকতার কিছু শায়খ যেমন, তাউসীফুর রহমান রাশেদী, উমর সিদ্দিক, আবু যায়েদ জমীর, তলিবুর রহমান, মতিউর রহমান মাদানী, মুরাদ বিন আমজাদ, আকরামুজ্জামান বিন আব্দুস সালামসহ সালাফী মানহাজ থেকে বিচ্যুত লোকেরা সাধারণ মানুষকে কারামত বিদ্বেষী করছে। আর এভাবেই কুরআন-হাদীস ও সালাফে-সালেহীনের কারামতকে হাশি-তামাশার বস্তু বানিয়েছে। নাউযুবিল্লাহ। এরা হকপন্থী আলেমদের উপর কুফুরী-শিরকের যতগুলো অপবাদ দিয়েছে, এর অধিকাংশ এজাতীয় কারামত। কারামতকে কুফুরী শিরকী আখ্যা দেয়ার পাশাপাশি এরা কারামতকে উপহাস করে মূলত: কুরআন-সুন্নাহ নিয়ে উপহাস করেছে। কারণ যেসব কারামত নিয়ে এরা উপহাস করেছে, হুবহু একই ধরনের কারামত কুরআন-হাদীসে রয়েছে। সুতরাং একটিকে নিয়ে উপহাসের অর্থ একই ধরনের অপরটিকেও উপহাসের পাত্র বানানো। এজন্যই আমরা দেখতে পাই, এদের সামনে কিংবা এদের অনুসারীদের সামনে যখন বিশুদ্ধ সূত্রে এজাতীয় কারামত উল্লেখ করা হয়, তখন নির্দ্বিধায় সেগুলো অস্বীকার করে।

কারামত অস্বীকারের ক্ষেত্রে আহলে সুন্নত ও সালাফী মানহাজ বহির্ভূত নব্য মু’তাজিলীদের বাস্তবতা দেখতে এদের লেখা যে কোন বই দেখতে পারেন। বিশেষভাবে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সম্পাদিত তাবলীগ জামাত ও দেওবন্দীগণ, মুরাদ বিন আমজাদের লেখা সহীহ আকিদার মানদন্ডে তাবলীগি নেসাব । কারামত অস্বীকার, এগুলো নিয়ে হাশি-তামাশা, একে কুফুরী -শিরকী আখ্যা দেয়ার মাধ্যমে এরা মূলত: বিভ্রান্ত ফেরকা মু’তাজেলাদের  ভ্রান্ত  মতবাদ সমাজে প্রচার করছে। পশ্চিমাদের বস্তুবাদে প্রভাবিত তথাকথিত এসব শায়খদের কিতাব প্রমাণ করছে, পূর্ববর্তী  আলেমগণ ও সালাফের অধিকাংশ  কুফুরী-শিরকী আকিদা লালন করেছেন। নাউযুবিল্লাহ। কেননা, ইতিহাস, তাফসীর, হাদিস, রাবীদের জীবনীর উপর লেখা এমন কোন কিতাব পাওয়া যাবে না যেখানে এধরনের কারামত নেই। সুতরাং এজাতীয় কারামত লেখা, সেগুলো প্রচার করা যদি কুফুরী-শিরকী হয়, তাহলে সালাফের কেউ  এই অপবাদ থেকে বাচবেন কি না সন্দেহ। আমরা এধরনের বিকৃত মানসিকতা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি।

উপর্যুক্ত ঘটনাটি উল্লেখ করার পর ইমাম বাইহাকী রহ. লিখেছেন,

هذا إسناد صحيح، لا يشك حديثيُّ في صحته

অর্থ: ঘটনার সনদ সহীহ। এটি সহীহ হওয়ার ব্যাপারে কোন মুহাদ্দিস সন্দেহ করতে পারে না।

ঘটনাটি সালাফীদের অনুসরণীয় শায়খ নাসীরুদ্দীন আলবানী তার কিতাবে উল্লেখ করেছেন। ঘটনাটি উল্লেখ করে তিনি লিখেছেন,

وبالجملة؛ فالقصة صحيحة بلا شك، والله على كل شيء قدير

অর্থ: “মোট কথা, নি:সন্দেহে ঘটনাটি বিশুদ্ধ (সহীহ)। আল্লাহ তায়ালা সর্ব বিষয়ে ক্ষমতাবান”

[সিলসিলাতুস জয়ীফা,  ৬৬৭৩ নং হাদীসের আলোচনা দ্রষ্টব্য]

কারামত অস্বীকারকারীদের বাস্তবতা উপলব্ধির জন্য একটি পরীক্ষা করতে পারেন। এসব শায়খদের কাউকে জিজ্ঞাসা করুন, এক দেওবন্দী আলেম উক্ত ঘটনাটি লিখেছেন। এ ঘটনা সম্পর্কে আপনার মন্তব্য কী? কোন কোন কিতাবে আছে, সেটি না বলে এধরনের পরীক্ষা করতে পারেন। তবে যদি বলেন, শায়খ নাসীরুদ্দীন আলবানী একে নি:সন্দেহে সত্য বলে স্বীকার করেছেন, তাহলে শায়খদের বুলি পাল্টে যাবে। সুতরাং ঘুণাক্ষরে তাদের সামনে এটা বলা যাবে না।

এধরনের কারামতকে অস্বীকার, একে কুফুরী শিরকী বলার ধৃষ্টতা এ পর্যায়ে পৌছেছে যে, আহলে সুন্নত ওয়াল জামাতের সর্বসম্মত হায়াতুন্নবীর আকিদাকে কুফুরী আকিদা আখ্যা দিচ্ছে। নাউযুবিল্লাহ। এদের এই তাকফিরী মনোভাব উম্মাহকে বিভক্ত করছে। সাধারণ মানুষকে সরল সঠিক পথ থেকে বিচ্যুত করে আলেম বিদ্বেষী করছে। আল্লাহ তায়ালা সাধারণ মানুষকে হেফাজত করুন।আমীন।

ঘটনা -৩:

বিখ্যাত মুহাদ্দিস ও ঐতিহাসিক ইবনে আসাকির তার তারীখে লিখেছেন,

عن عبد الله بن عتبة الأنصاري ، قال بينما ثم يثورون القتلى يوم مسيلمة إذ تكلم رجل من الأنصار من القتلى ، فقال : محمد رسول الله أبو بكر الصديق عمر الشهيد عثمان الرحيم ثم سكت

আব্দুল্লাহ ইবনে উতবা আল-আনসারী রা. বলেন, মুসালাইমাতুল কাজ্জাবের সাথে যখন ঘোরতর লড়াই চলছিল, আনসারী এক শহীদ  কথা বলে উঠল। সে বলল, “মুহাম্মাদ স. আল্লাহর রাসূল। আবু বকর হলেন সিদ্দিক (সত্যবাদী), উমর রা. হলেন শহীদ। উসমান রা. হলেন নম্র ও কোমল হৃদয়ের অধিকারী। এরপর সে চুপ করল।

তারীখে দিমাশক, খ.৩০, পৃ.৪০৮

মান আশা বা’দাল মাউত, পৃ.১৭, বর্ণনা নং ৮

ঘটনা-৪: জঙ্গে সিফফীন অথবা জঙ্গে জামালে মৃতের কথোপকথন:

ইমাম ইবনে কাসীর রহ. আল-বিদায়া ওয়ান নিহায়াতে লিখেছেন,

عن عبد الله بن عبيد الأنصاري ، قال : بينما هم يثورون القتلى يوم صفين أو يوم الجمل إذ تكلم رجلٌ من الأنصار من القتلى فقال محمد رسول الله أبو بكر الصديق عمر الشهيد عثمان الرحيم ثم سكت

“হযরত আব্দুল্লাহ ইবনে উবায়েদ আল-আনসারী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, জঙ্গে জামাল অথবা সিফফীনে  যখন ঘোরতর লড়াই চলছিল, হঠাৎ এক আনসারী শহীদ কথা বলে উঠল। সে বলল, মুহাম্মদ স. আল্লাহর রাসূল ।  আবু বকর হলেন, সত্যবাদী। উমর হলেন শহীদ।  উসমান কোমল হৃদয়ের অধিকারী। এরপর সে চুপ করল। “

[আল-বিদায়া ওয়ান নিহায়া, খ.৬, পৃ.১৫৮]

তারীখে দিমাশক, খ.৩৯, পৃ.২২২

মৃত্যুর পর হাসি:

বিখ্যাত মুহাদ্দিস ইবনে আবিদ দুনিয়া রহ. বর্ণনা করেছেন,  হারিস আল-গানাবী বর্ণনা করেন, রবী ইবনে খিরাশ কসম খেয়েছিলেন, তিনি পরকালে তার অবস্থান না জানা পর্যন্ত দাঁত বের করে কখনও হাসবেন না। তার মৃত্যুর পরেই কেবল তিনি হেসেছিলেন।  রবী ইবনে খিরাশের ভাই রিবয়ী ইবনে খিরাশও একই কসম খেয়েছিলেন। তিনি জান্নাতী না কি জাহান্নামী সেটা না জানা পর্যন্ত হাসবেন না। হারেস আল-গানাবী বলেন, রিবয়ী ইবনে খিরাশের গোসলদাতা আমাকে বলেছে,  আমরা যতক্ষণ তাকে গোসল দিচ্ছিলাম ততক্ষণ তিনি খাটের উপর মুচকী হাসছিলেন।

মান-আশা বা’দাল মাউত, পৃ.২০, বর্ণনা নং ১২ ।

মৃত্যুর পর হাসি সংক্রান্ত সাম্প্রতিক কারামত

শহীদ ড. আব্দুল্লাহ আজজাম রহ. তার আয়াতুর রহমানে আফগান মুজাহিদগণের অনেক কারামত উল্লেখ করেছেন। শাহাদাতের অমীয় সুধা পান করার পর অনেক শহীদ হেসেছেন। এধরনে কিছু ঘটনা শায়খের কিতাব থেকে,

১.  আমার নিকট আরসালান বর্ণনা করেছে, মুজাহিদ আব্দুল জলিল ত্বালিবে ইলম (ছাত্র) ছিল। খুব নেককার ছেলে ছিল।  বোম্বিং  এ সে  শাহাদাৎ বরণ করে।  আসর সময় তার জানাযা অনুষ্ঠিত হয়। আসরের পরে তাকে তার পিতার ঘরে দাফনের জন্য নেয়া হয়। সকাল পর্যন্ত তার লাশ সেখানে ছিল। মুজাহিদগণ তার কাছেই ছিল। সকাল পর্যন্ত সে চোখ খুলছিল, আর মুচকী হাসছিল। মুজাহিদগণ আরসালানের নিকট এসে বলল, আব্দুল জলিল তো মৃত্যুবরণ করেনি। আরসালান বললেন, সে শহীদ হয়েছে। অন্যরা বলল, তার মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে কীভাবে দাফন করব? সে জীবিত থাকলে তার উপর নতুনভাবে জানাযা পড়তে হবে।  আরসালান বললেন, সে গতকালই ইন্তেকাল করেছে। তবে এটি শহীদের বিশেষ কারামত।

-আয়াতুর রহমান, পৃ.১২৭

২.  বাগমানের প্রধান কমান্ডার মুহাম্মদ উমর আমার কাছে বর্ণনা করেছে, আমাদের সাথী হামিদুল্লাহ শহীদ হল। দাফনের সময় আমি তাকে হাসতে দেখলাম। আমি প্রথমে মনে করেছিলাম, এটা আমার চোখের ভুল। পরবর্তীতে ভালোভাবে লক্ষ্য করলাম, সে আসলেই হাসছিল।

-আয়াতুর রহমান, পৃ.১২৭

৩. বিখ্যাত কমরান্ডার ফাতহুল্লাহ আমার কাছে বর্ণনা করেছেন, মুজাহিদ সুহাইত খানের দাফনের চার দিন পর আমরা তার কবর উন্মুক্ত করি।  কবর খুড়ে দেখি, সে মুচকী হাসছে। আল্লাহু আকবার, আমি দেখেছি,  সে  চোখ খুলে আমাদেরকে দেখছিল।

-আয়াতুর রহমান, পৃ.১২৭

কারামত অস্বীকারকারী ভাইয়েরা এসব কারামত থেকে নিশ্চয় শিরকের গন্ধ পেয়ে গেছেন।  ইমাম ইবনে আবিদ দুনিয়া, ইবনে কাসীর, ইবনে আসাকির, আব্দুল্লাহ আজ্জাম উম্মতের মাঝে শিরক প্রচার করেননি। আবার তারা নিজেরাও এসব বিশ্বাস করে শিরক করেননি। এধরনের কারামতে বিশ্বাস যদি শিরক হয়, তাহলে ইবনে কাসীর রহ. শিরকে লিপ্ত ছিলেন, এই ফতোয়া দিয়ে দিন। তাফসীরে ইবনে কাসীর পড়া নিষিদ্ধ করুন। আল-বিদায়া ওয়ান নিহায়া নিষিদ্ধ করুন। কারণ আল-বিদায়াতে এধরনের অসংখ্য ঘটনা রয়েছে। আমরা পর্বে পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। যেসব সহীহ আকিদার কারামত অস্বীকারকারী ভাইয়েরা ফাজায়েলে আমলের এধরনের ঘটনা থেকে শিরকের গন্ধ পান, তারা কি আল-বিদায়ার একই ঘটনা থেকে তাউহীদের গন্ধ পান? তাদের এই স্ববিরোধী আচরণ আমাদেরকে বিস্মিত করে। শুধু বিরোধীতার জন্যই যে বিরোধীতা হয়, এই বাস্তবতা আরও প্রকট করে তোলে। আল্লাহ তায়ালা আমাদেরকে দীনের সঠিক বুঝ দান করুন। আমীন।

মৃত্যুপরবর্তী কার্যক্রম ও দুনিয়াতে এর প্রতিক্রিয়া

আর রুহ ইবনুল কাইয়্যিম রহ. এর বিখ্যাত একটি কিতাব। ইবনে তাইমিয়া রহ. এর ইন্তেকালের পরে তিনি কিতাবটি লিখেছিলেন।

ইবনুল কাইয়্যিম রহ. কিতাবুর রুহে লিখেছেন,

وأما من حصل له الشفاء بإستعمال دواء رأى من وصفه له في منامه فكثير جدا وقد حدثنى غير واحد ممن كان غير مائل إلي شيخ الإسلام ابن تيمية أنه رآه بعد موته وسأله عن شيء كان يشكل عليه من مسائل الفرائض وغيرها فأجابه بالصواب

وبالجملة فهذا أمر لا ينكره إلا من هو أجهل الناس بالأرواح وأحكامها وشأنها وبالله التوفيق

অর্থ: স্বপ্নের মাধ্যমে প্রাপ্ত ওষুধের দ্বারা আরোগ্য লাভের অসংখ্য ঘটনা রয়েছে। ইবনে তাইমিয়া রহ. এর ভক্ত ছিল না, এমন অনেকেই আমার কাছে বর্ণনা করেছে, তার মৃত্যুর পরে তাকে স্বপ্নে দেখেছে। তার কাছে বিভিন্ন জটিল মাসআলা-মাসাইল জিজ্ঞাসা করেছেন। যেমন, উত্তরাধিকার (ফারাইজ) বন্টন সম্পর্কিত মাসআলা। তিনি এগুলোর সঠিক উত্তর দিয়েছেন। মোটকথা, এ বিষয়গুলি যারা অস্বীকার করে, তারা রুহ ও এর বিভিন্ন কার্য সম্পর্কে সবচেয়ে মূর্খ।

[কিতাবুর রুহ, দারুল কুতুবিল ইলমিয়া, পৃ.৪৮]

http://islamport.com/w/qym/Web/3173/30.htm

মৃত্যুপরবর্তী কার্যক্রম ও এর প্রতিক্রিয়া সম্পর্কে ইবনুল কাইয়্যিম রহ. লিখেছেন,

 ومما ينبغي أن يعلم أن ما ذكرنا من شأن الروح يختلف بحسب حال الأرواح من القوة والضعف والكبر والصغر، فللروح العظيمة الكبيرة من ذلك ما ليس لمن هو دونها. وأنت ترى أحكام الأرواح في الدنيا كيف تتفاوت أعظم تفاوت بحسب تفارق الأرواح في كيفياتها وقواها وإبطائها وإسراعها والمعاونة لها، فللروح المطلقة من أسر البدن وعلائقه وعوائقه من التصرف والقوة والنفاذ والهمة وسرعة الصعود إلى الله والتعلق بالله ما ليس للروح المهينة المحبوسة في علائق البدن وعوائقه، فإذا كان هذا وهي محبوسة في بدنها فكيف إذا تجردت وفارقته واجتمعت فيها قواها وكانت في أصل شأنها روحا علية زكية كبيرة ذات همة عالية، فهذه لها بعد مفارقة البدن شأن آخر وفعل آخر. وقد تواترت الرؤيا في أصناف بني آدم على فعل الأرواح بعد موتها ما لا تقدر على مثله حال اتصالها بالبدن من هزيمة الجيوش الكثيرة بالواحد والاثنين والعدد القليل ونحو ذلك، وكم قد رئي النبي (صلى الله عليه وسلم) ومعه أبو بكر وعمر في النوم قد هزمت أرواحهم عساكر الكفر والظلم فإذا بجيوشهم مغلوبة مكسورة مع كثرة عَدَدهم وعُدَدهم وضعف المؤمنين وقلتهم

অর্থ: জেনে রাখা উচিৎ যে, পূর্বে আমরা রুহের বিভিন্ন অবস্থা সম্পর্কে  আলোচনা করেছি।  রুহের বিভিন্ন অবস্থা  যেমন, শক্তি, ছোট-বড় হওয়া বা অন্যান্য অবস্থার প্রেক্ষিতে  রুহের কার্যক্রম ভিন্ন ভিন্ন হয়।  তুমি দেখে থাকবে, দুনিয়াতে রুহের অবস্থার কারণে কার্যক্রমের মাঝেও ব্যাপক তারতম্য পরিলক্ষিত হয়। রুহের শক্তি ও অবস্থার করণে এর গতি, কার্যক্রম, চলাচল ও প্রতিক্রিয়ার মাঝে পার্থক্য দেখা যায়। দেহের বন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত মর্যাদাসম্পন্ন রুহের ব্যাপক কার্যক্রম, শক্তি, গতিশীলতা, হিম্মত ও আল্লাহর দিকে ধাবিত হওয়ার ক্ষমতা থাকে, যেটা দেহের বন্ধনে আবদ্ধ  বন্দী  রুহের থাকে না। দেহের বন্ধনে আবদ্ধ থাকার পরও রুহের অনেক অপ্রাকৃতিক কার্যক্রম দেখা যায়, সুতরাং এটি দেহের বন্ধ মুক্ত হয়ে এর পরিপূর্ণ শক্তি ও প্রকৃত বাস্তবতায় যখন ফিরে যায়, পবিত্র  ও অধিক শক্তিসম্পন্ন এসব রুহের কার্যক্রম তাহলে কেমন হবে? দেহের বন্ধনে আবদ্ধ রুহের কার্যক্রম থেকে দেহের বন্ধ মুক্ত রুহের কার্যক্রম ভিন্ন।  রুহের কার্যক্রম সম্পর্কে এতো অধিক বর্ণনা রয়েছে যে, এগুলো অস্বীকারের উপায় নেই।  মৃত্যুর পরে রুহের কার্যক্রম সম্পর্কে অসংখ্য স্বপ্ন বর্ণিত হয়েছে।  মৃত্যুর পরে রুহের মাধ্যমে এমন সব ঘটনা ঘটেছে, যেটি জীবিত থাকা অবস্থায় সম্ভব নয়। যেমন, একজন, দু’জন অথবা সামান্য কিছু লোক বিশাল সেনাবাহিনীকে পরাজিত করা। অসংখ্য লোক রাসূল স. কে স্বপ্নে দেখেছে,  তার সাথে হযরত আবু বকর ও হযরত উমর রা. রয়েছেন।  তাদের রুহ কাফেরদের সেনাবাহিনীকে পর্যুদস্ত করে দিয়েছে। কাফেরদের পরাজিত ছিন্ন-ভিন্ন সেনাদের লাশ ছড়িয়ে থাকে। অথচ তাদের সংখ্যা মুসলমানদের তুলনায় বহুগুণ বেশি ছিল। মুসলমানরা সংখ্যা ও শক্তিতে ছিল খুবই নগন্য ।

ইবনুল কাইয়্যিম রহ. মৃত্যুর পর রুহের কার্যক্রম ও  এর প্রতিক্রিয়া সংক্রান্ত অনেক ঘটনা উল্লেখ করেছেন।  এজাতীয় কিছু ঘটনা নীচে উল্লেখ করা হল।

ইবনুল কাইয়্যিম রহ. ‘আর-রুহ’ কিতাবে লিখেছেন,

في كتاب المنامات لابن أبي الدنيا عن

شيخ من قريش قال : رأيت رجلاً بالشام قد أسود نصف وجهه وهو يغطيه ، فسألته عن ذلك فقال : قد جعلت لله على أن لا يسألني أحد عن ذلك إلا أخبرته به ، كنت شديد الوقيعة في علي بن أبي طالب  رضي الله عنه ، فبينا أنا ذات ليلة نائم إذ أتاني آت في منامي فقال لي : أنت صاحب الوقيعة فيّ ؟ فضرب شق وجهي ، فأصبحت وشق وجهي أسود كما ترى

অর্থ: ইবনে আবিদ দুনিয়া রহ. এর আল-মানামাত গ্রন্থে রয়েছে, জনৈক  কুরাইশি ব্যক্তি থেকে বর্ণিত, তিনি  বলেন, আমি শামে এক ব্যক্তিকে দেখলাম, তার চেহারার অর্ধেক অংশ কালো হয়ে গেছে। সে এই অংশটা ঢেকে রাখার চেষ্টা করছে।  আমি তাকে চেহারা কালো হওয়ার কারণ জিজ্ঞাসা করলাম।  সে বলল, আমি আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে,  এ বিষয়ে কেউ আমাকে প্রশ্ন করলে আমি তাকে বিষয়টি বলব। আমি হযরত আলী রা. খুব গালাগালি করতাম। আমি এক রাতে ঘুমিয়েছিলাম। স্বপ্নে এক ব্যক্তি আমার কাছে এল । এসে আমাকে বলল, তুমি কি আমাকে গালাগালি করো? এরপর তিনি আমার মুখে চড় মারলেন। সকালে উঠে দেখি মুখের একাংশ কালো হয়ে আছে।

কিতাবুর রুহ, পৃ.১৮৯

ঘটনাটি স্পষ্ট। হযরত আলী রা. তার ইন্তেকালের পরে একজনের স্বপ্নে আগমন করলেন। তাকে চড় মারার কারণে তার মুখে চড়ের প্রভাব রইল । ঘটনাটি সালাফীদের ইমাম ইবনুল কাইয়্যিম রহ. লিখেছেন। এধরনের বিশ্বাস শরীয়ত বিরোধী না কি শরীয়ত সম্মত? এটা যদি শরীয়ত বিরোধী হয়, তাহলে তার অবস্থান কী? এটা কুফুরী, শিরকী, না কি বিদয়াত?

কিছু সালাফী ভাই বলবেন, আমরা ইবনুল কাইয়্যিমকে মানি না। ভালো কথা। আপনারা শুধু ইবনুল কাইয়্যিম নয়, আরও অনেক আলেম থেকে মুখ ফিরিয়ে নিবেন। সেই সময়টাও আসছে ইনশাআল্লাহ। এই তালিকা দীর্ঘ হতে থাকবে।  তবে আমাদের প্রশ্ন হল, তিনি ভুল করেছেন, তাকে অনুসরণ করি না, এগুলো আমরা শুনতে চাই না? এধরনের বিশ্বাস রাখার কারণে ইবনুল কাইয়্যিম সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য দিন। তিনি কি কুফুরী না কি শিরকী করেছে?

দেওবন্দী আলেম যখন রাসূল স. কে স্বপ্ন দেখল, এবং সেই স্বপ্নের বাস্তব প্রভাব পরবর্তীতে দেখা গেল, সেটা তো আপনাদের কাছে মহা শিরক। তাহলে এই ঘটনা শিরক নয় কেন? রাসূল স. স্বপ্নে দারুল উলুম দেওবন্দের পরিধি একে দিলেন, বাস্তবে তার প্রভাব দেখা গেল, এটা আপনাদের কাছে শিরক।  তাহলে ইবনুল কাইয়্যিম রহ. যে ঘটনা লিখলেন সেটা শিরক নয় কি?

ঘটনা-২:

ইবনুল কাইয়্যিম রহ. কিতাবুর রুহে লিখেছেন,

: وذكر ابن أبي الدنيا عن أبي حاتم الرازي ، عن محمد بن علي ، قال : كنا بمكة في المسجد الحرام قعوداً ، فقام رجل نصف وجهه أسود ونصفه أبيض ، فقال : يا أيها الناس اعتبروا بي ، فإني كنت أتناول الشيخين وأشتمهما ، فبينما أنا ذات ليلة نائم إذ أتاني آت ، فرفع يده فلطم وجهي وقال لي : يا عدو الله ، يا فاسق ، ألست تسب أبا بكر وعمر رضي الله عنهما ، فأصبحت وأنا على هذه الحالة .

অর্থ: বিখ্যাত মুহাদ্দিস ইবনে আবিদ দুনিয়া রহ. আবু হাতিম রাজী রহ. থেকে বর্ণনা করেছে, তিনি মুহাম্মাদ বিন আলী থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমরা মক্কায় মসজিদুল হারামে বসা ছিলাম।  সেখানে এক ব্যক্তি দাড়াল, যার চেহারার অর্ধেক কালো ও অর্ধেক সাদা ছিল। লোকটি দাড়িয়ে বলল, লোক সকল, আমাকে দেখে শিক্ষা গ্রহণ করো। আমি হযরত আবু বকর ও হযরত উমর রা.কে অসম্মান ও গালাগালি করতাম।  আমি এক রাতে ঘুমিয়েছিলাম। আমার কাছে এক ব্যক্তি এল। সে হাত উঠিয়ে আমার মুখে চড় মারল। আমাকে বলল, হে আল্লাহর শত্রু, ফাসিক, তুমি কি আবু বকর রা. ও উমর রা. কে গালাগালি করো না? আমি সকালে ঘুম থেকে উঠে দেখি, আমার মুখের এই অবস্থা।

[কিতাবুর রুহ, পৃ.২১৭, মাকতাবাতুস সফা]

এধরনের আরও অনেক ঘটনা কিতাবুর রুহে রয়েছে।  উদাহরণ হিসেবে এ’দুটিই যথেষ্ট। স্বপ্নে বা রুহের জগতে কোন কিছু সংঘঠিত হওয়া এবং বাস্তবে এর প্রতিক্রিয়া সংক্রান্ত বিভিন্ন ঘটনার জন্য আর-রুহ কিতাবটি দেখতে পারেন। ইবনে তাইমিয়া রহ. এর দীর্ঘ সংশ্রবের পর ইবনুল কাইয়্যিম রহ. যে কিতাব সংকলন করেছেন, সেগুলোতে এসব ঘটনা রয়েছে। এসব ঘটনা তিনি কিতাবে উল্লেখ করেছেন। এগুলো থেকে রুহের বিভিন্ন কার্যক্রম ব্যাখ্যা করেছেন। আমাদের প্রশ্ন হল, হুবহু একই বিষয় দেওবন্দী আলেমের কিতাবে থাকার পরেও সেটি যদি কুফুরী-শিরকী হয়, তাহলে ইবনুল কাইয়্যিম রহ. এর কিতাব কীভাবে সহীহ আকিদা হয়? তাহলে কি দেওবন্দী আলেমদের বক্তব্য পরিমাপের দাড়িপাল্লা একটি, আর সালাফী আলেমদের বক্তব্য মাপার দাড়িপাল্লা আরেকটি? স্বপ্নে কিছু সংগঠিত হওয়া এবং বাস্তবে তার প্রতিক্রিয়া প্রকাশিত হওয়া যদি কুফুরী-শিরকী হয়, তাহলে এই ফতোয়াটি ইবনুল কাইয়্যিমের উপর আরোপ করুন। ইবনুল কাইয়্যিম রহ. এর কুফুরী-শিরকী আকিদা নামে লেকচার তৈরি করুন। আমরা দেখতে চাই, সহীহ আকিদার দাবীদারগণ কতটা নিরপেক্ষ এবং তারা সত্যিকার দাওয়াতী মেহনত করছে না কি পেট্র-ডলার অপছায়া তাদেরকে গ্রাস করেছে?

পরিশেষে আমরা একটা নিবেদন রাখতে চাই, যে বিষয়গুলো সম্পূর্ণ শরীয়ত সম্মত, যেখানে শরীয়ত বিরোধী কোন কিছুরই সম্পৃক্ততা নেই, সেটা কীসের ভিত্তিতে কুফুরী শিরকী বলেন? আল্লাহ তায়ালা কি বলেছেন, স্বপ্নের ঘটনার বাস্তব প্রতিক্রিয়ায় কেউ বিশ্বাস করলে সে কাফের? রাসূল স. কী বলেছেন, তোমরা স্বপ্নের ঘটে যাওয়া কোন কিছুর বাস্তব প্রতিক্রিয়ায় বিশ্বাস করবে না। কারণ এটি শিরক? শরীয়তের কোন দলিলের ভিত্তিতে এটা কুফুরী বা শিরকী? আপনারা যেহেতু কুরআন ও হাদীস ছাড়া কিছুই দলিলযোগ্য মনে করেন না, তাহলে বলুন, কুরআন ও হাদীসের কোথায় এগুলোকে কুফুরী-শিরকী বলা আছে। সুস্পষ্ট বক্তব্য আনুন। যদি কুরআন ও হাদীসের এধরনের সুস্পষ্ট কোন বক্তব্য দেখাতে পারেন, তাহলে ফতোয়া দিন। আর সেই ফতোয়াটি শুধু দেওবন্দী আলেমের বিরুদ্ধে নয়, সেটা নিজেদের ইমাম ইবনে তাইমিয়া রহ. ও ইবনুল কাইয়্যিম রহ. এর উপর আগে আরোপ করতে হবে। এটাই ইনসাফের দাবী।

মৃত্যুর পর পুনরায় জীবন লাভ

ইবনে কাসীর রহ. আল-বিদায়া ওয়ান নিহায়াতে বিখ্যাত মুহাদ্দিস ইবনে আবিদ দুনিয়ার সূত্রে ঘটনাটি উল্লেখ করেছেন। ইবনে আবিদ দুনিয়া রহ. নিজ সনদে বর্ণনা করেন, রবীয়া ইবনে কুলসুম জনৈক ব্যক্তি থেকে বর্ণনা করেছেন, উক্ত ব্যক্তির এক বৃদ্ধা প্রতিবেশী ছিল। তিনি অন্ধ ও কিছুটা বধির ছিলেন। হাটা-চলা করতে পারতেন না। তার একটি মাত্র ছেলে ছিল। ছেলেটি তার দেখা-শোনা করতো। ছেলেটি মৃত্যুবরণ করল। আমরা এসে বৃদ্ধাকে  বললাম, মুসীবতে আল্লাহর উপর সবর করুন। তিনি বললেন, কী হয়েছে? আমার ছেলে কি মারা গেছে? হে আমার মাওলা, আমার উপর রহম করো। আমার থেকে আমার ছেলেকে নিও না। আমি অন্ধ, বধির ও অচল। আমার দুনিয়াতে আর কেউ নেই। মাওলা, আমার উপর রহম করুন।

আমি বললাম, বৃদ্ধার স্মৃতিভ্রম হয়েছে। এই বলে আমি বাজারে গেলাম। আমি তার কাফনের কাপড় ক্রয় করে নিয়ে এলাম। ফিরে এসে দেখি সে জীবিত হয়ে বসে আছে।

১. আল-বিদায়া ওয়ান নিহায়া, খ.৬, পৃ.১৫৪।

২.দালাইলুন নুবুওয়া, খ.৬, পৃ.৫০-৫১

ইবনে কাসীর রহ. আল-বিদায়া ওয়ান নিহায়াতে নীচের ঘটনাটি লিখেছেন। ঘটনাটি ইবনে আবিদ দুনিয়া রহ. মান আশা বা’দাল মাউত কিতাবে উল্লেখ করেছেন,

এক দল লোক ইয়ামান থেকে আল্লাহর পথে বের হল। পথিমধ্যে তাদের একজনের গাধা মৃত্যুবরণ করল। তার সহযাত্রীরা তাকে অন্য গাধার উপর আরোহরণের অনুরোধ জানাল। কিন্তু সে অস্বীকার করল। সে উঠে উজু করল। নামায আদায় করে দুয়া করল,

” হে আল্লাহ, আমি দাফিনা শহর থেকে আপনার পথে জিহাদের উদ্দেশ্যে বের হয়েছি। আমি একমাত্র আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে এসেছি। আমি সাক্ষ্য দিচ্ছি, আপনি মৃতকে জীবিত করেন।  আপনি কররবাসীকে পুনরায় জীবন দান করবেন। সুতরাং আমাকে কারও অনুগ্রহের মুখাপেক্ষী করবেন না। আমি আপনার কাছে দুয়া করছি, আপনি আমার গাধা জীবিত করে দিন।  এরপর সে গাধার কাছে গেল। গাধাকে উঠার জন্য একটি আঘাত করল। গাধাটি দাড়িয়ে কান ঝাড়তে শুরু করল। সে পুনরায় গাধায় তার সফরের পাথেয় উঠিয়ে যাত্রা করল।  কিছুদূর গিয়ে তার সঙ্গীদের সাথে মিলিত হল।  তারা তাকে জিজ্ঞাসা করল, এটা কীভাবে হল?

সে বলল, আল্লাহ তায়ালা আমার গাধা জীবিত করে দিয়েছেন। ইমাম শা’বী বলেন, আমি সেই গাধাটি কান্নাসা নামক বাজারে বিক্রি হতে দেখেছি।

সূত্র: আল-বিদায়া ওয়ান নিহায়া, খ.৬, পৃ.১৫৪

২. মান আশা বা’দাল মাউত, বর্ণনা নং ২৯।

৩. দালাইলুন নুবুওয়াহ, খ.৬, পৃ.৪৯

এধরনের একটি ঘটনা ইবনে তাইমিয়া রহ. তার মাজমুয়াতুল ফাতাওয়া-তে লিখেছেন। ইবনে তাইমিয়া রহ. লেখেন,

ورجل من النخع كان له حمار فمات في الطريق فقال له أصحابه : هلم نتوزع متاعك على رحالنا، فقال لهم : أمهلوني هنيئة ، ثم توضأ فأحسن الوضوء وصلى ركعتين ودعا الله تعالى فأحيا حماره فحمل عليه متعاه .

অর্থ: নাখ’ এর অধিবাসী এক ব্যক্তির একটি গাধা ছিল।  যাত্রাপথে গাধাটি মৃত্যুবরণ করে। তার সহযাত্রীরা বলল, আমরা তোমার মাল-সামানা ও পাথেয় আমাদের গাধাগুলোতে বন্টন করে নেই। সে তাদেরকে বলল।  আমাকে কিছুক্ষণ সময় দাও। এরপর সে উত্তমরূপে ওজু করল। দু’রাকাত নামায আদায় করে আল্লাহর কাছে দুয়া করল। আল্লাহ তায়ালা তার গাধা জীবিত করে দিলেন।  এরপর সে গাধার উপর তার পাথেয় উঠালো।

মাজমুউল ফাতাওয়া, খ.১১, ২৮১।

একই ধরনের একটি ঘটনা ইমাম শা’বী থেকে ইবনে হাজার আসকালানী রহ. তার আল-ইসাবা গ্রন্থে উল্লেখ করেছেন। ঘটনাটি হযরত উমর রা. এর সময় সংগঠিত হয়। এক্ষেত্রে শাইবান নামক এক ব্যক্তির গাধা মৃত্যুবরণ করলে পরবর্তীতে সে নামায আদায় করে দুয়া করে। আল্লাহ তায়ালা তার গাধাটি জীবিত করে দেন।

[আল-ইসাবা, খ.৩, পৃ.২২৭, বর্ণনা নং ৩৯৮৮]

হযরত হামজা রা. এর কবর থেকে সালামের উত্তর:

ইমাম ইবনে কাসীর রহ. আল-বিদায়া ওয়ান নিহায়াতে ঘটনাটি লিখেছেন। হযরত আত্তাফ বিন খালিদ তার খালা থেকে বর্ণনা করেন, এক দিন আমি উহুদের শহীদগণের কবরের দিকে যাই। (তিনি প্রায়ই তাদের কবর জিয়ারত করতেন)।  তিনি বলেন, আমি হযরত হামরা রা. এর কবরের নিকট বাহন থেকে নামলাম। আল্লাহর তৌফিকে সেখানে কিছু নামায আদায় করলাম। উপত্যকায় আর সাড়া-শব্দ দেয়ার মতো কেউ ছিল না। আমার বাহনের লাগাম ধরে ছিল ছোট্র একটি ছেলে ছিল।  আমি কবরের উদ্দেশ্যে আস-সালামু আলাইকুম বললাম। আমি স্পষ্ট মাটির নীচ থেকে সালামের উত্তর পেলাম। ওয়ালাইকুমুস সালাম। আমার কাছে উত্তরটি এতটা স্পষ্ট ও সুনিশ্চিত যেমন, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, এটা সুনিশ্চিত। রাত্র-দিনের পার্থক্য যেমন সুস্পষ্ট, এই সালামের উত্তরও তেমনি সুস্পষ্ট। সালামের উত্তর শুনে আমার প্রত্যেকটি লোমকূপ দাড়িয়ে গেল। আমার শরীর ভয়ে শিহরিত হল।

[আল-বিদায়া ওয়ান নিহায়া, খ.৪, পৃ.৪৫, দালাইলুন নুবুওয়াহ, ইমাম বাইহাকী রহ. খ.৩, পৃ.৩০৮]

হযরত হামজা রা. এর কবর থেকে সালামের উত্তর আসার ঘটনাটি কারামত অস্বীকারকারীদের নিকট শিরক। মৃত্যুর পরে কবর থেকে কীভাবে সালামের উত্তর দেয়? সুতরাং এটি ইবনে কাসীর রহ. উল্লেখ করলেও তাদের নিকট এটি শিরক।  ইমাম বাইহাকী, ইবনে কাসীর ও ইবনে আবিদ দুনিয়া রহ. এর থেকে শিরকের গন্ধ না পেলেও কারামত অস্বীকারকারী সালাফী আহলে-হাদীসরা ঠিকই এর থেকে শিরকের গন্ধ পায়।

বিখ্যাত মুহাদ্দিস ইবনে আবিদ দুনিয়া রহ. মৃত্যুর পরে জীবন লাভের উপর পৃথক একটি কিতাব লিখেছেন। এখানে তিনি সনদসহ ৬৪ টি ঘটনা ও বর্ণনা এনেছেন। তার বিখ্যাত কিতাবের নাম হল, মান আশা বা’দাল মাউত (মৃত্যুপর পরে যারা জীবন লাভ করেছে)। এই কিতাব থেকে ইবনে কাসীর রহ, ইমাম বাইহাকি রহ, ইমাম সূয়ূতী রহ, ইমাম ইবনে রজব হাম্বলী রহ. তাদের কিতাবে বিভিন্ন ঘটনা উল্লেখ করেছেন। সুতরাং এসকল কারামতকে কুফুরী-শিরকী আখ্যা দিয়ে এসকল সালাফী ও আহলে হাদীস ভাইয়েরা এসব ইমাম ও মুহাদ্দিসকে কুফুরী -শিরকীর অপবাদ দিয়েছে। এধরনের তাকফিরী মানসিকতা থেকে অধিকাংশ ইমামই মুক্ত নয়। আল্লাহ তায়ালা সালাফী-আহলে হাদীসদের তাকফিরের ফেতনা থেকে উম্মাহকে হেফাজত করুন। আমীন।

মৃত্যুর পর বিভিন্ন আমল

বিখ্যাত ইমাম ইবনে রজব হাম্বলী রহ. কবরের বিভিন্ন অবস্থা সম্পর্কে বিখ্যাত একটি কিতাব লিখেছেন। আহওয়ালুল কুবুর কিতাবের নাম।  রুহ, বারজাখ ও কবর সম্পর্কে অনেকেই কিতাব রচনা করেছেন। এর মধ্যে বিখ্যাত মুহাদ্দিস ইবনে আবিদ দুনিয়া রহ. আল-কুবুর কিতাবটি সবচেয়ে প্রাচীন। এছাড়া ইমাম আহমাদ ইবনে হাম্বল রহ. আজ-জুহদ কিতাবে এসম্পর্কিত বেশ কিছু বর্ণনা রয়েছে। এ বিষয়ে পৃথক কিতাব লিখেছেন, ইবনুল কাইয়্যিম রহ.। ইবনুল কাইয়্যিম রহ. এর আর-রুহ কিতাবটি বিখ্যাত। এছাড়াও জালালুদ্দীন সূয়ূতী রহ.  শরহুস সুদুর নামে বারজাখ বা কবরের জীবনের উপর কিতাব লিখেছেন। জালালুদ্দীন সূয়ূতী রহ. এর কিতাবটির বিশেষ বৈশিষ্ট্য হল, এতে পূর্ববর্তী লিখিত বিভিন্ন কিতাবের সার নির্যাস তুলে ধরেছেন।

মৃত্যুর পর বিভিন্ন আমল সম্পর্কে উপর্যুক্ত কিতাবগুলোর প্রত্যেকটিতেই আলোচনা রয়েছে। আমরা ইবনে রজব হাম্বলী রহ. এর কিতাব থেকে আলোচনার মৌলিক অংশটি তুলে ধরব।

মূত্যুপরবর্তী  আমল সম্পর্কে আমাদের আকিদা:

এ বিষয়ে ইবনে রজব হাম্বলী রহ. বলেন,

بعض أهل البرزخ يكرمه الله بأعماله الصالحة عليه في البرزخ وإن لم يحصل له ثواب تلك الأعمال لانقطاع عمله بالموت لكن إنما يبقى عمله عليه ليتنعم بذكر الله وطاعته كم يتنعم بذلك الملائكة وأهل الجنة في الجنة وإن لم يكن لهم ثواب على ذلك لأن نفس الذكر والطاعة نعيما عند أهلها من نعيم جميع أهل الدنيا ولذاتها

অর্থ: আল্লাহ তায়ালা কিছু কিছু কবরবাসীকে কবরে নেক আমল করার সুযোগ দিয়ে সম্মানিত করেন। তারা এসব আমলের কোন সওয়াব পান না। মৃত্যুর মাধ্যমে তারা আমলের সওয়াব থেকে বিচ্ছিন্ন হয়েছে (তিনটি ব্যতিক্রম ব্যতীত)। তবে কবরের জীবনে তাদেরক আমলের সুযোগ দেয়া হবে। এসব আমল তথা আল্লাহর জিকির ও আনুগত্যের মাধ্যমে তারা বিশেষ স্বাদ পেতে থাকবে। যেমন ফেরেশতা ও জান্নাতবাসীগণ আল্লাহর ইবাদত ও জিকিরের মাধ্যমে বিশেষ স্বাদ আস্বাদন করে থাকে। যদিও তারা এর কোন সওয়াব পান না। কেননা মূল জিকির ও  ইবাদতও অনেক বড় নেয়ামত। দুনিয়ার সকল ইবাদত ও স্বাদ এর তুলনায় নগন্য ও তুচ্ছ।

-আহওয়ালুল কুবুর, পৃ.৬৮, ৬৯।

এ সম্পর্কে ইবনে তাইমিয়া রহ. বলেন,

” هذه الصلاة ونحوها مما يتمتع بها الميت ويتنعم بها كما يتنعم أهل الجنة بالتسبيح ، فإنهم يلهمون التسبيح كما يلهم الناس في الدنيا النَّفَس ؛ فهذا ليس من عمل التكليف الذي يطلب له ثواب منفصل ، بل نفس هذا العمل هو من النعيم الذي تتنعم به الأنفس وتتلذذ به “

অর্থ: এধরনের নামায ও ইবাদত দ্বারা মৃত্য ব্যক্তি বিশেষ স্বাদ উপভোগ করে থাকে। যেমন জান্নাতবাসীগণ তাসবীহ পড়ার মাধ্যমে স্বাদ উপভোগ করবে। দুনিয়াতে প্রত্যেক মানুষ যেমন শ্বাস-প্রশাস নেয়, তেমনি জান্নাতে মানুষ তাসবীহ পাঠ করবে।  এগুলো তাদের উপর অপরিহার্য কোন শরয়ী নির্দেশনা নয়। এর জন্য পৃথক কোন সওয়াবও থাকবে না। বরং মূল আমলই বিশেষ নেয়ামত, যার মাধ্যমে অতুলনীয় স্বাদ আস্বাদন করবে।

[মাজমুয়াতুল ফাতাওয়া, খ.৪, পৃ.৩৩০]

এ বিষয়ে ইমাম কুরতুবী রহ. সহ আরও অনেক ইমামের বক্তব্য রয়েছে।  ইবনে রজব রহ. হাম্বলী রহ. মৃত্যুর পর ইবাদত সম্পর্কে বেশ কিছু ঘটনা উল্লেখ করেছেন। আমরা এখানে কয়েকটি উল্লেখ করছি।

১. আল্লামা আবু নুয়াইম নিজ সনদে ইয়াসার ইবনে হুবাইশ থেকে, তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন,

عن يسار بن حبيش عن أبيه قال أنا والذي لا إله إلا هو أدخلت ثابت البناني في لحده ومعي حميد ورجل غيره فلما سوينا عليه اللبن سقطت لبنه فإذا به يصلي في قبره فقلت للذي معي ألا تراه قال اسكت فلما سوينا عليه وفرغنا أتينا ابنته فقلنا لها ما كان عمل ثابت قال وما رأيتم فأخبرناها فقالت كان يقوم الليل خمسين سنة فإذا كان السحر قال في دعائه اللهم إن كنت أعطيت أحدا الصلاة في قبره فأعطينها فما كان الله ليرد ذلك الدعاء

অর্থ: একমাত্র ইলাহ আল্লাহ তায়ালার শপথ, আমি, হুমাইদ ও আরেক ব্যক্তি সাবেত আল-বুনানীকে দাফন করার উদ্দেশ্যে তার কবরে অবতরণ করি। আমরা যখন দাফন সমাধা করে কবরে ইট বিছিয়ে দিলাম। উপর থেকে একটি ইট সরে গেল। আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম যে সে কবরে নামায আদায় করছে। আমি আমার সঙ্গীকে বললাম, তুমি তাকে দেখছো? সে বলল, চুপ করো। আমরা সঠিকভাবে দাফন সম্পন্ন করে তার মেয়ের নিকট এলাম। তাকে জিজ্ঞাসা করলাম, সাবেতের আমল কী ছিল? আমরা যা দেখেছি, তার কাছে বলা হল। সে বলল, সে পঞ্চাশ বছর যাবৎ রাত জেগে নামায আদায় করতো। ফজর হলে সে দুয়া করতো, হে আল্লাহ, আপনি যদি কবরে কাউকে নামায পড়ার সুযোগ দেন, তাহলে আমাকে সেই সুযোগ দিন। সুতরাং আল্লাহ তার দুয়া প্রত্যাখ্যান করেননি।

-আহওয়ালুল কুবুর, পৃ.৭০

-শরহুস সুদুর, জালালুদ্দীন সুয়ূতী, পৃ.১৮৮ ।

-মুখতাসারু সাফওয়াতিস সাফওয়া, খ.১, পৃ.২৯৬।

আশ্চর্যের বিষয় হল, সালাফীদের অনুসরণীয় শায়খ  মুহাম্মাদ ইবনে আব্দুল ওহাব নজদী তার ‘আহকামু তামান্নিল মাউত’ কিতাবে এই বর্ণনাটি উল্লেখ করেছেন।  আহকামু তামান্নিল মাউত শায়খ নজদীর  নিজের হাতের লেখা। এটি তাহকীক করেছে আব্দুর রহমান ইবনে মুহাম্মাদ সাদহান ও শায়খ আব্দুল্লাহ ইবনে জিবরীন। সৌদি থেকে আব্দুল ওহাব নজদীর সকল বই ও রচনা একত্রে প্রকাশ করা হয়েছে মুয়াল্লাফাতুশ শাইখিল ইমাম নামে।  মুহাম্মাদ বিন সউদ ইউনিভার্সিটিতে শায়খ আব্দুল ওহাব নজদীর উপর একটি সেমিনার করা হয়। শায়খের বিভিন্ন রচনা ও চিঠি ইত্যাদি সংকলনের উদ্দেশ্যে বোর্ড গঠন করা হয়। এই বোর্ডের তত্ত্বাবধানে তার রচনাসমগ্র ১৩ খন্ডে প্রকাশিত হয়।  রচনা সমগ্রের ৩ খন্ডে আহকামু তামান্নিল মাউত কিতাবটি রয়েছে।  যে কেউ ডাউন লোক করতে পারবেন নীচের লিংক থেকে। http://waqfeya.com/book.php?bid=3697

এই কিতাবের চল্লিশ পৃষ্ঠায় শায়খ আব্দুল ওহাব নজদী লিখেছেন,

ইমাম আবু নয়াইম নিজ সনদে জুবাইর থেকে বর্ণনা করেছেন,  সেই আল্লাহর শপথ, যিনি ব্যতীত কোন ইলাহ নেই, আমি ও হুমাইদ আত-তবীল সাবেত আল-বুনানী রহ. এর কবরে প্রবেশ করি। আমরা দাফন শেষে যখন ইট বিছিয়ে দিচ্ছিলাম।, একটি ইট পড়ে গেল।  আমি দেখলাম, সাবেত আল-বুনানী কবরে নামায আদায় করছে।

-আহকামু তামান্নিল মাউত, পৃ.৪০, শায়খ আব্দুল ওহাব নজদী।

তিনি আরও লিখেছেন, ইমাম আবু নুয়াইম ও ইমাম ইবনে জারীর নিজ সনদে ইব্রাহীম আল-মুহাল্লাবী থেকে বর্ণনা করেছেন, জাস নামক স্থান দিয়ে ভোরে যাতায়াতকারীরা আমার কাছে বর্ণনা করেছে যে, আমরা যখন ভোরে সাবেত আল-বুনানীর কবরের পাশ দিয়ে অতিক্রম করতাম, তার কবর থেকে কুরআন তেলাওয়াতের শব্দ শুনতে পেতাম।

-আহকামু তামান্নিল মাউত, পৃ.৪০, শায়খ আব্দুল ওহাব নজদী।

ইমাম তিরমিজী রহ. ইবনে আব্বাস রা. থেকে নীচের হাদীসটি বর্ণনা করেছেন এবং একে হাসান বলেছেন। ইবনে আব্বাস রা. বলেন, রাসূল স. এর এক সাহাবী একটি কবরের উপর তাবু গাড়ল। তিনি জানতেন না যে সেখানে কবর রয়েছে। হঠাৎ তিনি কবর থেকে শুনতে পেলেন, এক ব্যক্তি সূরা মুলুক তেলাওয়াত করছে। সে শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করল।  সাহাবী এসে রাসূল স. কে ঘটনাটি বলল। রাসূল স. বললেন, সূরা মুলুক করবের আজাব থেকে মুক্তিদানকারী, করবের আজাব থেকে প্রতিরোধক।

ইমাম তিরমিজী রহ. এর হাদীসটি দুর্বল। এরপরও শায়খ আব্দুল ওহাব নজদী এটি প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন। এবং ইমাম তিরমিজীর হাসান হওয়ার বক্তব্যটি গ্রহণ করেছেন। এই ঘটনা ও হাদীস দেওবন্দী কোন আলেমের কিতাবে থাকলে তাকে নিশ্চিত কবরপূজারী উপাধি দেয়া হতো। শুধু নয়, তাকে কুফুরী-শিরকের অপবাদও দেয়া হতো। অথচ সালাফীদের ইমাম শায়খ আব্দুল ওহাব নজদী এটি তার কিতাবে লিখেছেন। তার সম্পর্কে যখন প্রশ্ন করবেন, তখন একেবারে মুখে কুলুপ এঁটে থাকবে।

বর্তমানে কিছু সালাফী তো নিজেদেরকে বাচানোর জন্য এগুলো অস্বীকার করা শুরু করেছে।  এদের এই অস্বীকারনীতির তালিকা অনেক লম্বা। ইমাম বোখারী রহ. সূরা কাসাসের  ৮৮ নং আয়াতে আল্লাহর ওয়াজহ বা চেহারার ব্যাখ্যা করেছেন রাজত্ব। এটি বোখারীর সকল নুসখা বা কপিতে রয়েছে। যেহেতু এটি সালাফীদের মতের বিরোধী এজন্য আলবানী সাহেব ইমাম বোখারীর বক্তব্যটাই অস্বীকার করে বসেছেন। একে অমুসলিমদের কথা আখ্যা দিয়েছেন।

কিতাবুর রুহ  ইবনুল কাইয়্যিম রহ. এর কিতাব। এটি ইবনে তাইমিয়া রহ. এর ইন্তেকালের পরে লেখা। প্রথম দিকে এরা অপপ্রচার চালাতো ইবনে তাইমিয়া রহ. এর সাথে সাক্ষাতের পূর্বে এটি তিনি লিখেছেন। এই অপপ্রচার যখন মিথ্যা প্রমাণিত হল, তখন কিতাবটি ইবনুল কাইয়্যিমের লেখা নয় বলে মিথ্যাচার শুরু করল। এই হল সহীহ আকিদার ভাইদের আমানত। আস্তাগফিরুল্লাহ। অথচ কিতাবটি ইবনুল কাইয়্যিম রহ. এর হওয়ার ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নেই।

আহকামু তামান্নিল মাউত কিতাবটি শায়খ আব্দুল ওহাব নজদীর নিজ হাতে লেখা। তার হস্তলিপির কপি এখনও সংরক্ষিত আছে। এটি শায়খ সালেহ আলুশ শায়খ স্বীকার করেছেন। কিন্তু কিতাবে বর্তমান সালাফীদের মতবাদের বিরোধী অনেক বক্তব্য থাকায় কেউ কেউ এটি অস্বীকার করা শুরু করেছে। এটি শায়খ নজদীর কিতাব নয়। যেমন শায়খ সালেহ আল-ফাউজান এটি অস্বীকার করে কিতাব লিখেছেন। শায়খ আব্দুর রাজ্জাক বদরও এটি অস্বীকার করেছেন, এই যুক্তিতে যে, এতে অনেক বাতিল দলিল ও আশ্চর্যজনক ঘটনা  রয়েছে। এগুলো বিদয়াতের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে। সুতরাং এটি শায়খ নজদীর কিতাব হতে পারে না।

যদি মুহূর্তের জন্য ধরেও নেই যে, এটি নজদীর কিতাব নয়, তাহলে যেসব শায়খ একে শায়খ নজদীর কিতাব মনে করেন, তাদের ব্যাপারে কী ফয়সালা হবে? তারা সকলেই কি কবরপূজারী? যেমন শায়খ ইবনে জিবরী ও শায়খ আব্দুর রহমান ইবনে সাদহান? এছাড়াও যারা শায়খের রচনাসমগ্র প্রকাশ করেছে তাদের ব্যাপারে কি ফতোয়া হবে? তারা কুফুরী-শিরকী প্রচার করছে? হকপন্থী আলেমদেরকে নির্দ্বিধায় কুফুরী শিরকের অপবাদ দিলেও সালাফী আলেমদের ব্যাপারে তারা বরাররই নীরবতা ও মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে। এটি তাদের মারাত্মক খিয়ানত ও দ্বিমুখী চরিত্র আরও প্রকট করে তুলছে।

২. ইবনে রজব হাম্বলী রহ. ইমাম খাল্লাল রহ. থেকে বর্ণনা করেছেন। ইমাম খাল্লালের আস-সুন্নাহ কিতাবটি সালাফীদের মৌলিক আকিদার কিতাব।  ইমাম সূয়ূতী বর্ণনাটি ইবনে মান্দা রহ. থেকে উল্লেখ করেছেন। ইবনে মান্দা রহ. এর আত-তাউহীদ কিতাবটি সালাফীদের মৌলিক আকিদার কিতাব।  ইমাম খাল্লাল নিজ সনদে হাম্মাদ আল-হাফফার থেকে বর্ণনা করেন, তিনি বলেন,

আমি এক জুমুয়ার দিনে কবর স্থানে প্রবেশ করলাম। আমি যতোগুলো কবরের নিকটে গিয়েছি প্রত্যেকটি কবর থেকে কুরআন তেলাওয়াতের আওয়াজ শুনেছি।

-আহওয়ালুল কুবুর, ইবনে রজব হাম্বলী রহ, পৃ.৭০।

-শরহুস সুদুর, সূয়ূতী রহ, পৃ.১৮৮-১৮৯

৩. ইবনে রজব হাম্বলী রহ. আবুল হাসান ইবনুল বারা এর আর-রওজা কিতাব থেকে নীচের ঘটনাটি উল্লেখ করেছেন। ইবনুল বারা নিজ সনদে ইব্রাহীম আল-হাফফার থেকে বর্ণনা করেন, ” আমি একটি কবর খনন করলাম। সেখানে একটি ইট বেরিয়ে এল।  ইট বের হওয়ার সাথে সাথে সেখান থেকে মেশকের সুঘ্রাণ পাচ্ছিলাম। হঠাৎ দেখি  একজন বৃদ্ধ তার কবরে বসে বসে কুরআন তেলাওয়াত করছে।

-আহওয়ালুল কুবুর, ইবনে রজব হাম্বলী রহ, পৃ.৭১।

-শরহুস সুদুর, সূয়ূতী রহ, পৃ.-১৮৯

৪. ইমাম লালকায়ী রহ. এর শরহুস সুন্নাহ কিতাবটি সালাফীদের মৌলিক আকিদার কিতাব।  ইমাম লালকায়ী নিজ সনদে বিখ্যাত মুহাদ্দিস ইমাম ইয়াহইয়া ইবনে মাইন থেকে বর্ণনা করেছেন, ইমাম ইবনে মাইন বলেন, আমাকে কবর খননকারী বলেছে, আমি কবরে অনেক আশ্চর্যজনক জিনিস দেখেছি। এর মাঝে সবচেয়ে আশ্চর্যের হল, এক কবর থেকে মৃদু কান্নার আওয়াজ শুনেছি, যেমন অসুস্থ রোগী কেঁদে থাকে। আর এক মুয়াজ্জিনের কবর থেকে আমি আজানের জওয়াব দিতে শুনেছি।

ইবনে তাইমিয়া রহ. বলেন,

ولا يدخل في هذا الباب: ما يروى من أن قوما سمعوا رد السلام من قبر النبي صلى الله عليه وسلم، أو قبور غيره من الصالحين. وأن سعيد بن المسيب كان يسمع الأذان من القبر ليالي الحرة. ونحو ذلك. فهذا كله حق ليس مما نحن فيه، والأمر أجل من ذلك وأعظم.

অর্থাৎ রাসূল স. এর হাদীস রয়েছে, আল্লাহ তায়ালা ইহুদীদের ধ্বংস করুন। তারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানিয়েছে।এই হাদীসের ব্যাখ্যায় ইবনে তাইমিয়া রহ. বলেন, হাদীসের আলোচনায় নিম্নের বিষয়গুলো অন্তর্ভূক্ত হবে না।

 বর্ণিত আছে, অনেকেই রাসূল স. এর কবর থেকে সালামের উত্তর শুনেছেন। অথবা অন্যান্য বুজুর্গদের কবর থেকে সালামের উত্তর পেয়েছেন। একইভাবে বর্ণিত আছে, হযরত সাইদ ইবনুল মুসায়্যিব রহ. (বিখ্যাত তাবেয়ী) হাররা এর ফেতনার সময় রাসূল স. এর কবর থেকে আজান শুনতেন। এসবই সত্য। আমাদের আলোচ্য বিষয় এটি নয়। বরং আমাদের আলোচ্য বিষয় এর চেয়ে বড় ও গুরুত্বপূর্ণ।

-ইকতেজাউস সিরাতিল মুস্তাকীম। খ.২, পৃ.২৫৪ (শামেলা)

http://shamela.ws/browse.php/book-11620/page-792

রাসূল স. এর কবর থেকে সালামের উত্তর শুনতে পাওয়া সত্য। রাসূল স. এর কবর থেকে আজান শুনে নামায আদায় করা ইবনে তাইমিয়া রহ. এর নিকট সত্য। অথচ তার অনুসারী সালাফীদের  নিকট এটি কুফুরী-শিরকী। তাহলে কি ইবনে তাইমিয়া রহ. ও কুফুরী-শিরকীতে লিপ্ত ছিলেন? সালাফীদের মনস্তত্ব অনুযায়ী ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়্যিম, ইবনে কাসীর, ইবনে রজব হাম্বলী ও শায়খ মুহাম্মাদ ইবনে আব্দুল ওহাব নজদী সকলেই কবর পূজারী ও কুফুরী-শিরকীতে লিপ্ত ছিলেন। নতুবা একই বিষয় দেওবন্দী আলেমদের কিতাবে থাকলে শিরক হয, অথচ এসব শায়খদের কিতাবে থাকলে শিরক হবে না কেন?

মৃত ব্যক্তি একে-অপরের সাথে সাক্ষাৎ

মৃত ব্যক্তি একে -অপরের সাথে সাক্ষাতের বিষয়টি রাসূল স. এর হাদীস দ্বারা প্রমাণিত। রাসূল স.বলেন,

” إذا ولي أحدكم أخاه فليحسن كفنه , فإنهم يبعثون في أكفانهم و يتزاورون في

أكفانهم “

অর্থ: তোমরা যখন তোমাদের মৃত ভাইকে বিদায় করবে, তখন তার কাফন সুন্দর করো। কেননা তাদের কাফনে তারা পুনরুত্থিত হবে  এবং তাদের কাফনে তারা একে-অপরের সাথে সাক্ষাৎ করে।

হাদীসটিকে শেইখ নাসীরুদ্দীন আলবানী সহীহ বলেছেন।  সিলসিলাতুস সহীহা, খ.৩, পৃ.৪১১

সহীহ হাদীস দ্বারা প্রমাণিত বিষয়টি যদিও আমাদের জ্ঞানের উর্ধ্বে, তবুও আমরা এটি বিশ্বাস করি।

কবরের বিভিন্ন নেয়ামত ও সংক্রান্ত কারামত:

এ বিষয়ে ইবনে রজব হাম্বলী রহ. বলেন,

و ما شوهد من نعيم القبر و كرامة أهله فكثير أيضا

অর্থ: কবরের বিভিন্ন নেয়ামত ও কবরবাসীর কারামতের উপর বহু ঘটনা  প্রত্যক্ষ করা হয়েছে।

-আহওয়ালুল কুবুর, পৃ.১২১

এরপর এ বিষয়ে তিনি অনেক কারামত ও ঘটনা উল্লেখ করেছেন তার আহওয়ালুল কুবুর কিতাবে।

এ বিষয়ে আমরা শুরুতেই শায়খ ইবনে উসাইমিন রহ. এর বর্ণিত একটি ঘটনা উল্লেখ করছি।  কবরের আজাব রুহের উপর হবে না কি দেহের উপর ?  এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, মূল হল, রুহের উপর আজাব হবে।  তবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ. বলেন, রুহ দেহের সাথে সম্পর্ক রাখে বা মিলিত থাকে। তখন দেহও রুহের সাথে সাথে শাস্তি ও নেয়ামত ভোগ করতে থাকে।  এ বিষয়ে আহলে সু্ন্নত ওয়াল জামাতের আরেকটি বক্তব্য রয়েছে। সেটি হল, কবরের আজাব দেহের উপর হবে। রুহের উপর নয়।  এক্ষেত্রে তাদের দলিল হল, বাস্তবে এটি প্রত্যক্ষ করা হয়েছে। অনেক কবর উন্মোচিত হলে দেখা গেছে, দেহের উপর শাস্তির চিহ্ন রয়েছে। কারও কারও দেহের উপর নেয়ামতের চিহ্ন দেখা গেছে। আমার কাছে কিছু লোক বর্ণনা করেছে। তারা উনাইজাতে ড্রেন খননের কাজ করতো। খনন করতে করতে তারা একটি কবর পেল। কবরে একটি লাশ দেখতে পেল। মাটি লাশের কাফন খেয়ে ফেলেছে। কিন্তু দেহটি এখনও তরু-তাজা রয়েছে।  তারা বলেছে, তারা  এ ব্যক্তির দাড়ীতে মেহেদী দেখেছে। তার কবর থেকে এতো সুঘ্রাণ বের হচ্ছিল যে, এটি মেশকের চেয়েও উন্নত ছিল। তারা এটি রেখে জনৈক শায়খের কাছে গেল।  তিনি তাদেরকে এভাবে রেখে আশে-পাশে খনন করতে বললেন।

-মাজমুউ ফাতাওয়া ও রাসাইল, পৃ.৬৬ ।

http://kl28.com/house_of_knowledge/page/Mjmwa_Ftawa_Wrsaail_Abn_Athymyn_page_66

এধরনের ঘটনা বর্ণনা তথাকথিত আহলে হাদীস ও সালাফীদের নিকট কুসংস্কার প্রচার। মতিউর রহমান মাদানী , তাউসিফুর রহমান রাশেদী, মুরাদ বিন আমজাদ, আকরামুজ্জামানের নিকট এগুলো হল খুরাফাত। এগুলোকে উপলক্ষ্য করে তারা তাবলীগ জামাত ও দেওবন্দী আলেমদেরকে কুফুরী-শিরকীর অপবাদ দিয়ে থাকে। এসব পাতি সালাফীদের বিকৃত মানসিকতার কারণে আজ যেসব কারামত ছিল তাউহীদের প্রমাণ, সেগুলি হয়েছে আজগুবি গল্প, কুফুরী-শিরকী বিশ্বাস। নাউযুবিল্লাহ।

কবরে বিভিন্ন নেয়ামত ও কারামতের কথা অসংখ্য আলেম লিখেছেন।  সম্প্রতি আফগান মুজাহিদদের এধরনের কারামত সংকলন করেছেন শায়খ আব্দুল্লাহ আজ্জাম রহ.। তিনি এজাতীয় বেশ কিছু কারামত উল্লেখ করেছেন তার কিতাবে। আমরা আলোচনার শেষে সেগুলো উল্লেখ করবো।

ইবনে রজব হাম্বলী রহ. কবরের বিভিন্ন নেয়ামত সংক্রান্ত যেসব কারামত লিখেছেন, এগুলো থেকে কয়েকটি নীচে উল্লেখ করা হল।

১.  খতীব বাগদাদী রহ. নিজ সনদে মুহাম্মাদ ইবনে মাখলাদ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, আমার মা ইন্তেকাল করেন। আমি তাকে দাফন করার জন্য কবরে অবতরণ করলাম। হঠাৎ পাশের কবরের দিকে একটি ছিদ্র সৃষ্টি হল। আমে দেখতে পেলাম, এক ব্যক্তির লাশ রয়েছে। তার কাফনটি একেবারে নতুন। তার বুকের উপর ইয়াসমীন  নামক সুগন্ধির একটি পাত্র  রয়েছে। আমি সেটি উঠালাম। আমি ও অন্যান্যরা এর সুঘ্রান পাচ্ছিলাম। এটি মেশক থেকে বেশি সুগন্ধিময় ছিল। আমার সাথে একদল লোক ছিল। তারা সকলেই এর ঘ্রাণ শুকেছে।  আমি পাত্রটি পূর্বের জায়গায় রেখে দিলাম। আর গর্তটি বন্ধ করে দিলাম।

-আহওয়ালুল কুবুর, পৃ.১২১

২. ইমাম ইবনুল জাওযী রহ.  নিজ সনদে আবু জা’ফর আস-সাররাজের উস্তাদ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, ইমাম আহমাদ ইবনে হাম্বল রহ. এর কবরের কাছে এক ব্যক্তির কবর উন্মোচিত হল।  মৃত ব্যক্তির বুকের উপর একটি প্রস্ফুটিত ফুল দেখা গেল।

৩. ইমাম ইবনে সায়াদ তার ত্ববাকাতে নিজ সনদে আবু সাইদ খুদরী রা. থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি  জান্নাতুল বাকীতে সায়াদ ইবনে মুয়াজ রা. এর কবর খননকারীদের একজন ছিলাম।  আমরা যখনই কবর থেকে সামান্য মাটি তুলছিলাম, সেখান থেকে মেশকের ঘ্রাণ বের হচ্ছিল।

-আহওয়ালুল কুবুর, পৃ.১২২

৪.  ইমাম ইবনে আবিদ দুনিয়া নিজ সনদে মুগীরা ইবনে হাবিবা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে গালিব আল-হাররানীকে যখন দাফন করা হয়, তখন তার কবর থেকে মেশকের ঘ্রাণ বের হচ্ছিল।

-শরহুস সুদুর, পৃ.১৫৬

সাম্প্রতিক কারামত :

ড. আব্দুল্লাহ আজ্জাম রহ. তার ‘আয়াতুর রহমান’ কিতাবে একটি পরিচ্ছেদের শিরোনাম দিয়েছেন, রাইহাতুশ শুহাদা (শহীদদের সুঘ্রাণ)।  এ পরিচ্ছেদে তিনি অনেকগুলো কারামত উল্লেখ করেছেন।

১. আমার কাছে নাসরুল্লাহ মানসুর বর্ণনা করেছে, তিনি বলেন, আমার কাছে হাবীবুল্লাহ বর্ণনা করেছে, তিনি বলেন,  আমার ভাই যুদ্ধে শাহাদাত বরণ করে।  তিন মাস পর আমার আম্মা তাকে স্বপ্ন দেখে।  সে স্বপ্নে মাকে বলল, আমার সব ক্ষত সেরেছে, কিন্তু মাথার একটি ক্ষত এখনও শুকায়নি। পরবর্তীতে আমার আম্মা কবর খনেনর জন্য খুব জোরাজুরি করেন। আমরা কবর খুড়তে শুরু করি। আমার ভাইয়ের কবরটি আরেক ব্যক্তির কবরের পাশে ছিল।  খননের সময় একটি গর্ত হয়ে পাশের কবরটি বের হয়ে গেল। আমরা লাশের উপর একটি সাপ দেখতে পেলাম।  আমার আম্মা বললেন, এ কবরটি আর খুড়ো না।  আমি বললাম, আমার ভাই শহীদ হয়েছে। সুতরাং তার কবরে কখনও সাপ থাকতে পারে না। আমরা যখন ভাইয়ের কবরটি খুড়লাম, সেখান থেকে সুঘ্রাণ ছড়িয়ে পড়ল। আমাদের নাকে ঘ্রাণ মৌ মৌ করছিল। ঘ্রাণের আতিশয্যে আমরা মাতাল হয়ে যাচ্ছিলাম।  আমরা ভাইয়ের মাথায় ক্ষত দেখতে পেলাম। সেখান থেকে রক্ত বের হচ্ছিল।  আমার মা তার রক্তে আঙ্গুল দিলেন।  তার আঙ্গুল সুগন্ধিময় হয়ে গেল।  তিন মাস গত হয়েছে, এখনও আমার মায়ের আঙ্গুল থেকে সুঘ্রাণ বের হয়।

-আয়াতুর রহমান, পৃ.১২৫ ।

২. মুহাম্মাদ শিরীন আমার কাছে বর্ণনা করেছে, আমাদের চারজন মুজাহিদ বুত ওরদাক নামক জায়গায় শাহাদাত বরণ করল।  চার মাস পরে আমরা তাদের থেকে মেশকের মতো সুগন্ধি পেলাম।

-আয়াতুর রহমান, পৃ.১২৫ ।

৩. আমার কাছে আরসালান বর্ণনা করেছে, “আমি অন্ধকার রাতে শহীদ আব্দুল বাসীরকে তার সুগন্ধির মাধ্যমে খুজে বের করেছি।”

-আয়াতুর রহমান, পৃ.১২৪

এগুলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামত ও কারামত। এগুলো কোন কাল্পনিক গল্প নয়। এগুলো বাস্তব  সত্য। যাদের কাছে এগুলো গাজাখুরী গল্প ও সূফীদের ভন্ডামি মনে হয়, তারা মূলত: পশ্চিমাদের মতো বস্তুপূজার অতল তলে নিমজ্জিত। আল্লাহর কুদরত ও ক্ষমতায় বিশ্বাসী কোন মু’মিন এগুলোকে কখনও গাজাখুরী বলতে পারে না। তবে  বস্তুপূজা ও পশ্চিমাদের বিকৃত চেতনায় গড়ে ওঠা ব্যক্তিরাই কেবল এগুলো নিয়ে তামাশা ও হাসি ঠাট্রা করে। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন।

------ ------

এই বিষয়ে আরও জানতে চান?

আমাদের ইফতা বিভাগে সরাসরি প্রশ্ন করুন। অভিজ্ঞ মুফতিগণ আপনার ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেবেন — সম্পূর্ণ গোপনীয়তা ও নির্ভুলতার সাথে।

নির্ভরযোগ্য গোপনীয় দ্রুত উত্তর

মন্তব্য 0

আপনার মন্তব্য জানান
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্যকারী হোন! আপনার মতামত আমাদের কাছে মূল্যবান।

লেখকের আরো ব্লগ

আক্বিদা

সালাফী আক্বিদা কেন বাতিল এবং সালাফীরা কেন পথভ্রষ্ট?

ইজহারুল ইসলাম · 14 মার্চ, 2026 · 72
আক্বিদা

মিলাদ ইত্যাদি নিয়ে এতো এতো প্রশ্ন তৈরি হচ্ছে, এটা ছেড়ে দিলে সমস্যা কোথায়?

ইজহারুল ইসলাম · 14 মার্চ, 2026 · 79
ফিকহ

তারাবীর নামাযের ইমামতির হাদিয়া গ্রহণ: শরয়ী দৃষ্টিকোণ

ইজহারুল ইসলাম · 13 মার্চ, 2026 · 685
আক্বিদা

ইবনে উমর রা: এর শানে ইবনে তাইমিয়ার বেয়াদবি ও শিরকের অপবাদ (১ম পর্ব)

ইজহারুল ইসলাম · 30 জুন, 2023 · 83